চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk: মাধব দেবনাথ, নদিয়া: রাজ্যে প্রথম বিজেপির মন্ত্রিসভার শপথ গ্রহণের পরই জেলা জুড়ে ব্যাপক উল্লাস বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে। মিষ্টিমুখ করিয়ে গেরুয়া আবির খেলায় মাতলেন কর্মী-সমর্থকরা। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয় বিজেপির মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস বিজেপি কর্মী সমর্থকদের। ঠিক তেমনি কলকাতা ব্রিগেড প্যারেড ময়দানে না যেতে পারলেও জেলাতেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে বিজেপি কর্মীদের মধ্যে। বিজেপি কর্মীদের দাবি, দীর্ঘ বছর রাজনীতির লড়াইয়ে আজ ব্যাপক সাফল্য বিজেপির। হাজার প্রতিকূলতার মধ্যে দিয়ে সাংগঠনিক শক্তিকে একত্রিত রেখে ২০২৬ এর বিধানসভা নির্বাচনে বাংলার মসনদে এখন বিজেপি।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। এখন থেকে পশ্চিমবঙ্গের উন্নয়নের কাণ্ডারি হিসাবে মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে সম্মান জানাতেই গোটা নদীয়া জেলা জুড়ে উচ্ছ্বসিত কর্মী-সমর্থকরা। তাঁদের আশা আগামী দিনে এই রাজ্য আরও উন্নয়নের জোয়ারে ভেসে উঠবে। মানুষকে নতুন দিশা দেখাবে বিজেপি সরকার, আর ডাবল ইঞ্জিন সরকারের নেতৃত্বে সুরক্ষিত থাকবে এই পশ্চিমবঙ্গ।