চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk: ফেসবুকে ভারত বিরোধী ও প্রধানমন্ত্রীর প্রতি অবমাননাকর পোস্ট শেয়ার করার অভিযোগে পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত আনুখাল উত্তর-পশ্চিম পাড়া এলাকার এক ট্রাক্টর চালককে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম নূর মোহাম্মদ শেখ। অভিযোগ, তিনি ফেসবুকে দুটি বিতর্কিত ছবি শেয়ার করেন, যেগুলির মধ্যে একটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেল্ট দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছেন এমন ছবি, অন্যটিতে প্রধানমন্ত্রীকে ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে দৌড়ে পালাতে দেখা যাচ্ছে।
এই ছবি দুটি শেয়ারের পরই বিজেপির পক্ষ থেকে কালনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। বিজেপির অভিযোগ, এটি একেবারে দেশবিরোধী কার্যকলাপ এবং দেশের প্রধানমন্ত্রীর মানহানিকর। অভিযুক্তের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
এরপরই কালনা থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত নূর মোহাম্মদ শেখকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানান, “আমি লেখাপড়া জানি না। বিষয়টি না বুঝেই পোস্ট শেয়ার করেছি। আমি অনুতপ্ত এবং ক্ষমাপ্রার্থী।”
পুলিশ ঘটনার গভীরে তদন্ত শুরু করেছে। পোস্টের উৎস, এবং ধৃত ব্যক্তির সঙ্গে কেউ যোগাযোগ করেছিল কিনা, বা কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা — সবদিক খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় কালনা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ারের আগে সচেতনতা এবং আইনবিরোধী বিষয় এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে প্রশাসন।