চিত্র: নিজস্ব
কৈলাস বিশ্বাস, বাঁকুড়া: মনোনয়ন জমা দেওয়ার আগেই রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টির ঘোষিত প্রার্থী যোগ দিলেন তৃনমূলে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা বিধানসভায়। রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টির ঘোষিত প্রার্থী গোলাম খাজা খান গতকাল রাতে ওন্দার তৃনমূল প্রার্থী তথা তৃনমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্তর হাত ধরে তৃনমূলে যোগ দেন। মনোনয়নের আগেই ঘোষিত প্রার্থীর এমন দল বদলকে ঘিরে ওন্দা বিধানসভা এলাকায় শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
বাঁকুড়ার ওন্দা বিধানসভা এলাকা একসময় বাম শরিক ফরোয়ার্ড ব্লকের গড় হিসাবে পরিচিত থাকলেও ২০১১ সালের পর থেকে পরপর ২ বার ওই কেন্দ্রে জয়ী হয় তৃনমূল। ২০২১ সালে ফের হাত বদলে ওই বিধানসভা কেন্দ্র যায় বিজেপির দখলে। ওন্দা বিধানসভা কেন্দ্রের অন্যতম নির্ণায়ক রাজ্যের অন্যতম বড় গ্রাম পুনিশোলের সংখ্যালঘু ভোট ব্যঙ্ক। সেই পুনিশোল গ্রাম থেকেই এবার গোলাম খাজা খানকে ওন্দা বিধানসভার প্রার্থী হিসাবে ঘোষণা করেছিল রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি।
প্রার্থী হওয়ার প্রাথমিক প্রস্তুতিও সেরে ফেলেছিলেন গোলাম খাজা খান। কিন্তু মনোনয়ন জমা দেওয়ার আগে গতকাল রাতে হঠাৎই তিনি বদলে ফেলেন শিবির। নিজে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত থেকে সরে যোগ দেন তৃনমূলে। তাঁর হাতে তৃনমূলের পতাকা তুলে দেন তৃনমূলের ওন্দা বিধানসভার প্রার্থী সুব্রত দত্ত।
সুব্রত দত্তর দাবি রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টির কোনো সংগঠন ওন্দা বিধানসভায় নেই। শুধুমাত্র তৃনমূলের সংখ্যালঘু ভোট ব্যঙ্কে থাবা বসাতেই পার্শ্ববর্তী রাজ্য থেকে রাষ্ট্রীয় লোক জন শক্তি পার্টিকে আমদানি করে গোলাম খাজা খানকে প্রার্থী করার চক্রান্ত করেছিল বিজেপি। গোলাম খাজা খান তৃনমূলে যোগ দেওয়ায় বিজেপির সেই চক্রান্ত ব্যর্থ হল।
দলবদলু গোলাম খাজা খানের দাবি বিজেপির চক্রান্তেই তাঁকে প্রার্থী করা হচ্ছে বুঝতে পেরেই তিনি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত থেকে সরে তৃনমূলে যোগ দিয়েছেন। বিজেপি অবশ্য সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে। ওন্দার বিজেপি প্রার্থী অমরনাথ শাখার দাবি ভোটে হেরে যাওয়ার ভয়ে পাগলের প্রলাপ বকে মানুষকে বিভ্রান্ত করছে তৃনমূল।