চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk: ফিশারিতে মাছ ধরতে গিয়ে তলিয়ে যাওয়া এক আদিবাসী বৃদ্ধার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভা এলাকার কঙ্কন দিঘি অঞ্চলে। মৃতার নাম সুমিত্রা সর্দার। বয়স আনুমানিক ৫০ বছর।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শীতল মাইতি সংলগ্ন এলাকায় গতকাল সন্ধ্যার দিকে সুমিত্রা সর্দার একটি ফিশারিতে মাছ ধরতে যান।
সেই সময় অসাবধানতাবশত পা পিছলে ফিশারিতে তলিয়ে যান তিনি। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি শুরু করলেও রাতভর তল্লাশি চালিয়েও তাঁর কোনও খোঁজ মেলেনি।শনিবার রায়দিঘি বিধানসভার বিধায়ক ডা. অলোক জলদাতার তৎপরতায় পশ্চিমবঙ্গ সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট দলের ডুবুরিদের নামানো হয়।
দীর্ঘ তল্লাশির পর ওই ফিশারি থেকেই সুমিত্রা সর্দারের দেহ উদ্ধার করা হয়। দেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিধায়ক ডা. অলোক জলদাতা এবং রায়দিঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজু বিশ্বাস।বিধায়ক জানান, মাছ ধরতে গিয়ে পা পিছলে ফিশারিতে পড়ে যাওয়ার ফলেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠিয়েছে।