ad
ad

Breaking News

Balurghat

রমিতের সাফল্যে শুভেচ্ছা জানাতে বাড়িতে অর্পিতা ঘোষ, মেধাবী পড়ুয়াকে ঘিরে উচ্ছ্বাস বালুরঘাটে

বালুরঘাটের আত্রেয়ী ডিএভি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র রমিতের এই কৃতিত্বে খুশির হাওয়া জেলাজুড়ে।

ramit-pal-cbse-result-success-balurghat-arpita-ghosh

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: সিবিএসই মাধ্যমিক পরীক্ষায় নজির গড়েছে বালুরঘাটের ছাত্র রমিত পাল। ৫০০-র মধ্যে ৪৯৯ নম্বর পেয়ে সর্বভারতীয় স্তরে সম্ভাব্য দ্বিতীয় স্থান অধিকার করেছে সে। রাজ্যস্তরেও শীর্ষস্থানীয়দের তালিকায় রয়েছে রমিতের নাম। এই সাফল্যের পর মেধাবী ছাত্রকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে পৌঁছলেন বালুরঘাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। সঙ্গে ছিলেন বিশিষ্ট আইনজীবী সুভাষ চাকি ও দলের অন্য নেতৃত্ব।

বালুরঘাটের আত্রেয়ী ডিএভি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র রমিতের এই কৃতিত্বে খুশির হাওয়া জেলাজুড়ে। সকাল থেকেই তার বাড়িতে শুভেচ্ছা জানাতে ভিড় জমাচ্ছেন আত্মীয়, প্রতিবেশী থেকে নানা মহলের মানুষ। রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রের বিশিষ্টজনেরাও পৌঁছে যাচ্ছেন পড়ুয়ার বাড়িতে।রমিতের বাবা রাজীব পাল দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের মোহাকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

মা মৌসুমী ঘোষও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ছেলের সাফল্যে স্বভাবতই গর্বিত পরিবার।রাজীববাবু বলেন, “অর্পিতা ঘোষ-সহ বহু বিশিষ্ট মানুষ বাড়িতে এসে রমিতকে শুভেচ্ছা জানাচ্ছেন। এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি। ছেলের সাফল্যের জন্যই এই সম্মান পাচ্ছি, খুব ভাল লাগছে।”

তিনি আরও জানান, ছেলের ভবিষ্যৎ স্বপ্ন পূরণে বাবা-মা হিসেবে সবসময় পাশে থাকবেন তাঁরা। পরিবারের দাবি, নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাসই রমিতের সাফল্যের মূল চাবিকাঠি।রমিতের সঙ্গে কথা বলে তার ভবিষ্যৎ পরিকল্পনার খোঁজও নেন অর্পিতা ঘোষ। পরে তিনি বলেন, “বালুরঘাটের মেধাবী ছাত্র রমিতের সঙ্গে দেখা করে খুব ভাল লাগল। ওর সাফল্যে আমরা গর্বিত। বড় হয়ে কী হতে চায়, সেই কথাও শুনলাম। ও আরও অনেক দূর এগিয়ে যাক, সেটাই কামনা করি।”রমিতের এই সাফল্যে বালুরঘাটে এখন উৎসবের আবহ। জেলার শিক্ষামহলের মতে, তার কৃতিত্ব আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদেরও নতুন করে অনুপ্রাণিত করবে।