চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: অল্প সময়ের বিরতির পর ফের বৃষ্টি বাড়তে চলেছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও দুর্যোগের কালো মেঘ কাটছে না। কারণ, আবারও নতুন করে নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বিকেল অথবা বুধবার দুপুর নাগাদ ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরের উপর এই নতুন নিম্নচাপ তৈরি হতে পারে। যদি তাই হয়, তবে গত ৩৬ দিনের মধ্যে এটি হবে নবম নিম্নচাপ। আর এই সিস্টেমের প্রভাবেই ২৯ অগস্ট শুক্রবার থেকে ৩০ অগস্ট শনিবারের মধ্যে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেই বৃষ্টি চলতে পারে ১ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত (Rain Alert)।
আরও পড়ুনঃ Sundarbans Tiger: দ্বিতীয় বৃহত্তম সংরক্ষিত বাঘবনের শিরোপা পেতে চলেছে সুন্দরবন
গত কয়েক সপ্তাহ ধরে আবহাওয়া একেবারেই খামখেয়ালি। যখন তখন আকাশে জমছে কালো মেঘ, তারপর নামছে ঝেঁপে বৃষ্টি। এর ফলে জমা জলে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। পুজোর আগে সবচেয়ে দুশ্চিন্তায় পড়েছেন মৃৎশিল্পীরা। তাদের প্রশ্ন, কীভাবে শুকোবে মূর্তির কাঠামো?
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার কলকাতার আকাশে দেখা যাবে রোদের ঝলক। তবে তার সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বুধবারের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা গড়ে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে (Rain Alert)।
Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial
রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৫ ডিগ্রি কম। সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ছিল ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৮৮ শতাংশ। শুধু দক্ষিণবঙ্গ নয়, সোমবার থেকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৯ অগস্ট শুক্রবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির মাত্রা বাড়বে এবং তা চলতে পারে ১ সেপ্টেম্বর পর্যন্ত (Rain Alert)।