ad
ad

Breaking News

Jalpaiguri

সাফাই অভিযানে নতুন ভাবনা, রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে বাড়ি থেকে ময়লা তুলবে পুরসভা!

রবীন্দ্রসঙ্গীত শুনে যখন বাসিন্দারা বাড়ির আবর্জনা ফেলতে বেরোবেন, তখন কাজটিও অনেকটা আনন্দের হয়ে উঠবে।

Jalpaiguri Garbage Trucks to Play Rabindra Sangeet

চিত্রঃ প্রতীকী

Bangla Jago Desk: ময়লা সংগ্রহের গাড়ি এলেই এতদিন শোনা যেত তীক্ষ্ণ বাঁশির আওয়াজ। কিন্তু এবার সেই পুরোনো অভ্যাসে বদল আনছে জলপাইগুড়ি পুরসভা। ভোরবেলা আর বাঁশির শব্দ নয়—আপনার কানে ভেসে আসবে পরিচিত রবীন্দ্রসঙ্গীতের সুর। সেই গানই জানিয়ে দেবে, আপনার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে ময়লার গাড়ি। শহরকে পরিচ্ছন্ন রাখার উদ্যোগে এবার অভিনব ভাবনা নিয়েছে পুর কর্তৃপক্ষ। তাঁদের ধারণা, সকালবেলার নরম আলোয় মৃদুস্বরে রবীন্দ্রসঙ্গীত শুনে যখন বাসিন্দারা বাড়ির আবর্জনা ফেলতে বেরোবেন, তখন কাজটিও অনেকটা আনন্দের হয়ে উঠবে। সেই লক্ষ্যেই প্রতিটি ময়লা সংগ্রহের গাড়িতে বসানো হবে সাউন্ড বক্স, যেখানে বাজবে রবীন্দ্রনাথের গান।

বাঁশি বাজিয়ে চিৎকার নয়, এবার রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে ভোরবেলা বাড়ি থেকে ময়লা তুলবে পুরসভা!

জলপাইগুড়ি পুর এলাকার ২৫টি ওয়ার্ডে প্রায় আড়াই লক্ষ মানুষের বাস। রাস্তার আবর্জনার পাশাপাশি বাড়ি বাড়ি থেকে ময়লা সংগ্রহের জন্য আলাদা করে গাড়ি ও ভ্যান-রিকশার ব্যবস্থা রয়েছে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে পাড়ায় পাড়ায় ঢুকে পড়ে এই যানবাহন। পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন, এতদিন বাঁশি বাজিয়ে গাড়ির আগমন জানান দেওয়া হত। এবার তার জায়গায় থাকবে গান। শহরে বর্তমানে ময়লা সংগ্রহের জন্য রয়েছে প্রায় ১৫টি গাড়ি। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডেই রয়েছে ময়লা বহনের জন্য ভ্যান। দিনভর শহরের বিভিন্ন এলাকা থেকে আবর্জনা সংগ্রহ করে তা ফেলা হয় শহরের বাইরে বালা পাড়া এলাকায়। এই পুরো ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছেন একশোরও বেশি সাফাই কর্মী।

তবে পুরসভার কাছে মাঝে মাঝেই অভিযোগ আসে, কিছু ক্ষেত্রে নিয়ম মেনে বাড়ি বাড়ি ময়লা সংগ্রহ করা হচ্ছে না। সেই অভিযোগ মাথায় রেখেই এবার নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিকল্পনা রয়েছে ময়লার গাড়িতে বিশেষ ট্র্যাকার বসানোর। এতে কোন গাড়ি কোন এলাকায় যাচ্ছে, কোথায় কাজ হচ্ছে—সবকিছুর ওপরই নজর রাখা সম্ভব হবে।