ad
ad

Breaking News

South 24 Paraganas

দক্ষিণ ২৪ পরগনার প্রথম সাঁতারু হিসেবে ইতিহাস গড়ার পথে রবীন

জেলার প্রথম সাঁতারু হিসেবে ইংলিশ চ্যানেল পেরোতে রওনা দিলেন রবীন বলদে।

Rabin on track to make history as South 24 Parganas' first swimmer

চিত্রঃ নিজস্ব

Bangla Jago Desk: দক্ষিণ ২৪ পরগনার তালদির মাটিতে গর্বের মুহূর্ত। জেলার প্রথম সাঁতারু হিসেবে ইংলিশ চ্যানেল পেরোতে রওনা দিলেন রবীন বলদে। দীর্ঘ লড়াইয়ের শেষে বুধবার শুরু হল তাঁর স্বপ্নযাত্রা। ইতিমধ্যেই সফলভাবে পক প্রণালী পার করেছেন তিনি। এবার লক্ষ্য ইংলিশ চ্যানেল। বারুইপুর প্রেস ক্লাবের সদস্যদের মুখোমুখি হয়ে রবীন জানান, “মনের জোরই সবথেকে বড় শক্তি। ট্যালেন্ট নয়, পরিশ্রমই সাফল্যের আসল চাবিকাঠি। নিজের আয়না নিজেকেই হতে হয়।”

কিন্তু এই সাফল্যের যাত্রা সহজ ছিল না। একসময় চরম দারিদ্র্য, দিনে দুবেলা খাবার জোটা ছিল কঠিন। তবুও হার মানেননি তিনি। রেলে কর্মরত রবীন জানান, এখনও পর্যন্ত কোনও সরকারি আর্থিক সাহায্য পাননি। তবে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। যদিও তাকে ‘বাংলার গৌরব’ সম্মান ইতিমধ্যেই দিয়েছে রাজ্য সরকার। ইংলিশ চ্যানেল পেরোনোর উচ্চ ব্যয়ের জন্য ধার এবং লোন করতে হয়েছে তাঁকে। পাশে দাঁড়িয়েছে বারুইপুর প্রেস ক্লাব, যারা তাঁকে আর্থিক সাহায্যও করেছে। তাঁর এই দুঃসাহসিক অভিযানের পিছনে আছে এক বড় স্বপ্ন—লন্ডনের মাটিতে ভারতের তেরঙ্গা ওড়ানো। সেই সঙ্গে তিনি বার্তা দিতে চান সুন্দরবনের পরিবেশ রক্ষা ও ম্যানগ্রোভ সংরক্ষণের। আরেকটা বিশেষ লক্ষ্য, স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করানো নতুন প্রজন্মকে, যাদের অনেকেই সময়ের স্রোতে হারিয়ে যাচ্ছে।

জেলার প্রতিভাবান যুবকদের প্রতি বার্তা দিয়ে রবীন বলেন, “উপযুক্ত পরিকাঠামো তৈরি হলে ওয়াটার পোলো সহ নানা জলে-খেলা থেকে উঠে আসবেন অনেক নতুন মুখ।” রবীনের এই অদম্য ইচ্ছাশক্তি, সাহস ও সংগ্রাম নিঃসন্দেহে জেলার ইতিহাসে নতুন অধ্যায় লিখতে চলেছে।