Bangla Jago TV Desk : সপ্তাহের প্রথম দিনই শুরু হচ্ছে সংসদের অধিবেশন। তার আগেই মোটের ওপর ৫রাজ্যের ফল বেরিয়ে যাবে। ফলে এই শীতকালীন অধিবেশনে শাসক-বনাম বিরোধীর বাগবিতণ্ডা,সংঘাত যে তীব্রতর হবে তার আভাস মিলছে। বিরোধীরা তেড়েফুঁড়ে নামলে সরকারের চাপ বাড়বে। তাই অধিবেশনের আগে বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে হুঁশিয়ারি দেন,মহুয়ার সব তথ্য ফাঁস করা হবে। স্পষ্ট হয়,সংসদের এই অধিবেশন মহুয়া মৈত্রকে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে। এরআগে শনিবার সর্বদলীয় বৈঠক হয়। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী ডাকা এই বৈঠকে তৃণমূল কংগ্রেসের পক্ষে যোগ দেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও ব্রায়েন।
বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায়,এথিক্স কমিটির রিপোর্ট ফাঁস নিয়ে সরব হন।কীকরে সংসদে পেশ করার আগে নীতি বিষয়ক কমিটির গোপনীয় রিপোর্ট সংবাদমাধ্যমের কাছে গেল তা নিয়ে প্রশ্ন তোলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ‘টাকা নিয়ে প্রশ্ন’ করার ঘটনায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদপদ খারিজ সংক্রান্ত রিপোর্ট সোমবারই জমা দিতে পারে এথিক্স কমিটি। তার আগেই লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। চিঠিতে তিনি মহুয়ার প্রসঙ্গ তুলে ধরে সংসদীয় কমিটিগুলির নিয়ম এবং পদ্ধতিগুলির পর্যালোচনা করার দাবি জানিয়েছেন। বোঝাই যাচ্ছে মহুয়ার হয়ে কংগ্রেসও ব্যাট ধরতে চাইছে। শুধু কংগ্রেসই নয়,অবিজেপি একাধিক দল এই ইস্যুতে কেন্দ্রের শাসকশিবিরকে যে চেপে ধরবে তা বলাই যায়|
শীতকালীন অধিবেশনে মহুয়া ইস্যুতে ঝড় উঠতে চলেছে তার আভাস মিলছে। সরকার পক্ষ বনাম বিরোধী শিবিরের তোপ-ধ্বনিতে গণতন্ত্রের পীঠস্থান যে উত্তাল হতে চলেছে তা মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরাও। তৃণমূল কংগ্রেস এরমধ্যে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম সংক্রান্ত তিনটি বিল তাড়াহুড়ো করে সংসদে পেশ না করার পক্ষে সরব।বিজেপির নেতৃত্বাধীন এনডিএ যদি এই ৩টি বিল পাশে উদ্যোগী হয় তাহলে বিরোধীরা যে তা নিয়ে আলোচনার দাবি তুলবে তাও স্পষ্ট।সবমিলিয়ে আবহাওয়া ঠান্ডা হতে শুরু করলেও সংসদের ভিতর-বাইরে রাজনীতির তপ্ত হাওয়া যে তীব্রতর হবে তা বলাই যায়।
FREE ACCESS