ad
ad

Breaking News

Purulia

পুরুলিয়ায় ঝালদায় দেখা মিলল তুষারশুভ্র বিরল দৃশ্য!

হাড়কাঁপানো ঠান্ডার জেরে শুক্রবার ভোরে ঝালদা এলাকায় এক বিরল দৃশ্যের সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা।

Purulia: Snow-like Frost Spotted in Jhalda

Bangla Jago Desk: পাহাড়ি জেলা দার্জিলিং কিংবা সুদূর কাশ্মীর নয়, খোদ পুরুলিয়ার ঝালদাতেই দেখা মিলল তুষারশুভ্র আস্তরণের। চলতি মরশুমে জেলায় শীতের তীব্রতা সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে। হাড়কাঁপানো ঠান্ডার জেরে ভোরে ঝালদা এলাকায় এক বিরল দৃশ্যের সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা (Purulia)।

ভোরে খামার যাওয়ার রাস্তার ধারে খড়ের গাদার ওপর সাদা আস্তরণ জমে থাকতে দেখেন স্থানীয়রা। প্রাতঃভ্রমণে বেরিয়ে এই দৃশ্য প্রথম নজরে আসে বিমল কুইরি, সত্যনারায়ণ স্বর্ণকার, ধীরেন সেনদের মতো স্থানীয় বাসিন্দাদের। তারা কাছে গিয়ে দেখেন, ঘাস ও খড়ের উপর বরফের পাতলা আস্তরণ বা ‘ভূমি তুষার’ জমে রয়েছে। শীতের প্রকোপ যে কতটা চরমে পৌঁছেছে, এই দৃশ্য তারই প্রমাণ বলে মনে করছেন সকলে।

শীতের এই রেকর্ড দাপটে একদিকে যেমন রোমাঞ্চিত পর্যটক ও প্রকৃতিপ্রেমীরা, অন্যদিকে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে শিশু এবং বয়স্কদের কষ্ট বেড়েছে বহুগুণ। বেলা না বাড়লে রাস্তাঘাটে মানুষের দেখা মিলছে না।

 

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশ এবং ভৌগোলিক অবস্থানের কারণে পুরুলিয়ার পশ্চিমাঞ্চলে পারদ পতনের এই ধারা অব্যাহত রয়েছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে আগামী কয়েকদিন শীতের এই দাপট বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে (Purulia)।