চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk: উত্তরবঙ্গ সফরে এসে আন্তর্জাতিক সান্তাল সম্মেলনের মঞ্চ থেকে আদিবাসী সমাজকে আরও এগিয়ে আসার বার্তা দিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার সকালে দিল্লি থেকে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে বাগডোগরায় পৌঁছন তিনি। সকালে বাগডোগরার সেনা ঘাঁটিতে অবতরণের পর সড়কপথে তিনি পৌঁছন বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষের মাঠে। সেখানে আয়োজিত আন্তর্জাতিক সান্তাল সম্মেলনে যোগ দেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানের শুরুতে তিনি শাল গাছে জল ও মাটি দিয়ে বৃক্ষরোপণ করেন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন।
অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী দুর্গাদাস উইকলি, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, আন্তর্জাতিক সান্তাল সম্মেলনের কার্যকরী সভাপতি নরেশ কুমার মুর্মু-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। সম্মেলনের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, সান্তাল সমাজ এখনও বহু ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। তিনি বলেন, পিছিয়ে থেকে কোনও লাভ নেই। আদিবাসী ও সান্তাল সমাজকে শিক্ষা ও সামাজিক উন্নয়নের মাধ্যমে আরও এগিয়ে আসতে হবে।
তিনি আরও প্রশ্ন তোলেন, আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য তৈরি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়গুলিতে পড়ুয়ারা সঠিকভাবে শিক্ষা পাচ্ছে কি না, তা খতিয়ে দেখা দরকার।একইসঙ্গে আন্তর্জাতিক সান্তাল সম্মেলনের কার্যকরী সভাপতি জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। সেই প্রসঙ্গে রাষ্ট্রপতি মন্তব্য করেন, অনুষ্ঠানে প্রত্যাশার তুলনায় মানুষের উপস্থিতি কম কেন, সেই বিষয়টিও খতিয়ে দেখা প্রয়োজন। রাষ্ট্রপতি আরও বলেন, আদিবাসী ও সান্তাল সমাজের উন্নয়নের জন্য রাজ্য ও কেন্দ্র—উভয় সরকারকেই আরও সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। তাঁর বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে, সমাজের মূল স্রোতে নিজেদের জায়গা করে নিতে আদিবাসী সমাজকে শিক্ষা ও সংগঠনের মাধ্যমে আরও শক্তিশালী হতে হবে।