চিত্র: নিজস্ব
Bangla Jago Desk: ইয়ামুদ্দিন সাহাজী, ভাঙ্গড়: ভাঙ্গড়ে আবারও একটি বৃহৎ মাদকচক্রের হদিস পেয়ে চাঞ্চল্য ছড়াল এলাকায়। পোলারহাট থানার পুলিশ গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকালে ভাঙ্গড়ের হাতিশালা এলাকায় একটি হলুদ ট্যাক্সিকে আটক করে এবং সেখান থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। এই অভিযানে ধৃত হয়েছে মোট পাঁচজন, যাদের মধ্যে রয়েছেন ট্যাক্সিচালকও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা মূলত উত্তরবঙ্গের কোচবিহার জেলা থেকে ট্রেনে করে শিয়ালদহ স্টেশনে আসে। সেখান থেকে নিউটাউনের অ্যাকোয়াটিকা যাওয়ার অজুহাতে একটি হলুদ ট্যাক্সি ভাড়া নেয় তারা। তবে যাত্রাপথে চালককে অতিরিক্ত অর্থের প্রলোভন দেখিয়ে ভিন্নপথে, অর্থাৎ ভাঙ্গড়ের দিকে যাওয়ার নির্দেশ দেয়। পুলিশের সন্দেহ আরও গাঢ় হয় যখন তারা লক্ষ্য করে, অভিযুক্তরা রাস্তা পরিবর্তনের চেষ্টা করছে।
এরই মধ্যে পোলারহাট থানার পুলিশ আগে থেকেই গোপন তথ্যের ভিত্তিতে নজরদারি চালাচ্ছিল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী হাতিশালা এলাকায় ফাঁদ পেতে রাখা হয়। নির্ধারিত সময়ে ট্যাক্সিটি ওই এলাকায় পৌঁছাতেই পুলিশ তা থামিয়ে দেয় এবং তল্লাশি চালায়। তল্লাশিতে ট্যাক্সির ভিতর থেকে পাঁচটি বড় ব্যাগ উদ্ধার হয়, যার মধ্যে ছিল বিপুল পরিমাণ গাঁজা। প্রাথমিক অনুমান অনুযায়ী, এর বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।
ধৃত পাঁচজনের মধ্যে চারজনই সন্দেহভাজন পাচারকারী বলে জানা গিয়েছে। তাদের সঙ্গে থাকা ট্যাক্সিচালককেও আটক করা হয়েছে, যদিও প্রাথমিকভাবে জানা গিয়েছে, সে পাচার চক্রের সদস্য না-ও হতে পারে। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ধৃতদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এবং তারা কোনও বড় মাদকচক্রের সঙ্গে জড়িত কিনা, তা জানার চেষ্টা করছে পুলিশ।
এই ঘটনায় এলাকায় স্বস্তির হাওয়া বইছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন এবং ভবিষ্যতেও এরকম তৎপরতা বজায় রাখার দাবি জানিয়েছেন। পোলারহাট থানার ওসি জানিয়েছেন, “এই ধরনের অভিযান চলবে এবং কোনওরকম মাদক পাচার বা বেআইনি কার্যকলাপ বরদাস্ত করা হবে না”।