ad
ad

Breaking News

Amit Shah

‘শূন্য থেকে শিখরে!’, বাংলায় ঐতিহাসিক জয় নিয়ে মোদি-শাহের বার্তায় আবেগ ও হুঙ্কার

‘সোনার বাংলা’ গড়তে বদ্ধপরিকর বিজেপি! মোদি-শাহের বার্তায় বাংলার হারানো গৌরব ফেরানোর শপথ

Historic Win for BJP in WB: PM Modi and Amit Shah Hail 'Karyakartas'

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: সোমবার, ৪ মে, ২০২৬। বাংলার রাজনৈতিক ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। ১৫ বছরের তৃণমূল জমানার অবসান ঘটিয়ে বিধানসভার মসনদে আসীন হতে চলেছে বিজেপি। এই ঐতিহাসিক জয়ের পরেই দলের শীর্ষ নেতৃত্ব নরেন্দ্র মোদি ও অমিত শাহর কণ্ঠে শোনা গেল কৃতজ্ঞতা ও লড়াইয়ের গল্প।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলার জয়কে সরাসরি দলের নিচুতলার কর্মীদের সংগ্রাম ও আত্মত্যাগের ফসল বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, “বাংলার এই রেকর্ড জয় অগণিত কার্যকর্তাদের কঠোর পরিশ্রম ও সংগ্রামের ফসল। প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁরা মাটিতে নেমে প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়েছেন, আমাদের উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তাঁরাই বিজেপির আসল শক্তি।” কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর এই আবেগঘন বার্তা যেন বাংলার গেরুয়া শিবিরের দীর্ঘদিনের লড়াইয়ের এক চূড়ান্ত স্বীকৃতি।

অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার জনতাকে কোটি কোটি প্রণাম জানিয়ে একে ‘তোষণ ও অনুপ্রবেশকারীদের’ বিরুদ্ধে মানুষের জোরালো জবাব বলে আখ্যা দিয়েছেন। তিনি টুইট বার্তায় লিখেছেন, “এটি তৃণমূলের ‘ভয়’-এর রাজনীতির ওপর নরেন্দ্র মোদির ‘ভরসা’-র জয়।” শাহর কথায়, গঙ্গোত্রীর উৎস থেকে গঙ্গাসাগর, আজ সর্বত্র বিজেপির গেরুয়া পতাকা গর্বের সঙ্গে উড়ছে। তিনি এদিন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।

অমিত শাহ আরও বলেন, “যেসব কর্মী নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন, হিংসার শিকার হয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, তবুও আদর্শের পথ থেকে সরেননি, তাঁদের ও তাঁদের পরিবারের প্রতি আমি প্রণাম জানাই। বাংলার মানুষ আজ তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।”

আগামী দিনের রূপরেখা স্পষ্ট করে শাহ জানিয়েছেন, রবীন্দ্রনাথ, নেতাজি, স্বামী বিবেকানন্দ বা শ্যামাপ্রসাদ মুখার্জীর মতো মহাপুরুষদের পবিত্র ভূমি বাংলার হারানো গৌরব ফেরাতে এবং ‘সোনার বাংলা’র স্বপ্নকে বাস্তবায়িত করতে বিজেপি দিন-রাত এক করে দেবে। বিজেপি নেতৃত্বের এই বার্তা বাংলার মানুষের কাছে কেবল একটি নির্বাচনী জয় নয়, বরং এক নতুন যুগের সূচনার প্রতিশ্রুতি হিসেবে দেখা দিচ্ছে। ক্ষমতার পালাবদলের এই মুহূর্তে মোদি-শাহের এই যৌথ বার্তা বাংলার রাজনৈতিক আকাশকে আজ এক নতুন রঙে রাঙিয়ে দিল।