চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় পশ্চিম মেদিনীপুর জেলায় দলের সংগঠনকে ইস্পাতকঠিন করতে খড়্গপুরে হাইভোল্টেজ সাংগঠনিক বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে খড়্গপুরের গ্রিনল্যান্ড হোটেলে ঘাটাল ও মেদিনীপুর সাংগঠনিক জেলার শীর্ষ নেতৃত্ব ও প্রার্থীদের নিয়ে এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত জেলায় দলের অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে নির্বাচনের ময়দানে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়াই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য।
নির্বাচনী রণকৌশল নির্ধারণের এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা নেতাদের স্পষ্ট বার্তা দেন যে, দলের আদি ও পুরনো কর্মীদের যোগ্য সম্মান দিয়ে সকলকে একসঙ্গে নিয়ে চলতে হবে। বেশ কিছু গোপন সমীক্ষায় উঠে আসা গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি নেতাদের সতর্ক করেন। তাঁর সাফ কথা, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ সরিয়ে রেখে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ভোটযুদ্ধে নামতে হবে।
পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ১৫টি বিধানসভা আসন রয়েছে। গত ২০২১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১৩টি আসনে জয়ী হলেও খড়্গপুর সদর ও ঘাটাল আসনটি বিজেপির দখলে গিয়েছিল। এবারের নির্বাচনে সেই হারের গ্লানি মুছে ১৫-০ ফলে জেলা দখল করতে চান তৃণমূল সেনাপতি। ঘাটাল সাংগঠনিক জেলার ৭টি এবং মেদিনীপুর সাংগঠনিক জেলার ৮টি আসনেই যাতে জোড়াফুল ফোটে, সেই লক্ষ্যমাত্রা তিনি স্থির করে দিয়েছেন।
বৈঠকে উপস্থিত ছিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী দেব, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, মন্ত্রী মানস ভুঁইয়া সহ দুই জেলা সভাপতি সুজয় হাজরা ও অজিত মাইতি। গত পাঁচ বছরে রাজ্য সরকারের করা উন্নয়নমূলক প্রকল্পের সুফল মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন অভিষেক। এদিনের এই বৈঠকের পর তৃণমূল শিবিরে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে এবং প্রার্থীর উপস্থিতিতে খড়্গপুরে দলীয় সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে ঘর গোছাতে অভিষেকের এই কড়া অবস্থান ঘাসফুল শিবিরকে বাড়তি মাইলেজ দিতে পারে।