চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk: সুন্দরবন উপকূলবর্তী এলাকায় বিরোধী শিবিরে বড়সড় ভাঙন। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মিনাখাঁ এলাকায় আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তিন শতাধিক নেতা ও কর্মী।জানা গিয়েছে, মিনাখাঁ ১ নম্বর সাংগঠনিক ব্লকের অন্তর্গত কুমারজোল অঞ্চল থেকে প্রায় তিন শতাধিক আইএসএফ নেতৃত্ব ও কর্মী দলত্যাগ করে তৃণমূলে যোগদান করেন। মিনাখাঁ ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাইফুদ্দিন মোল্লার হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে শাসক দলে যোগ দেন।
তৃণমূল নেতৃত্বের দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই যোগদান দলকে আরও শক্তিশালী করবে। অন্যদিকে সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন আইএসএফ কর্মী-সমর্থকদের বক্তব্য, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আস্থা রেখেই তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।এদিন নবাগতদের স্বাগত জানিয়ে ব্লক সভাপতি সাইফুদ্দিন মোল্লা বলেন, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে লড়াই করবে এবং দলকে আরও শক্তিশালী করবে। বিধানসভা নির্বাচনের আগে মিনাখাঁয় বিরোধী শিবিরে এই ভাঙন রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।