ad
ad

Breaking News

Cooch Behar

পারিবারিক বিবাদের জেরে  নার্সকে পুড়িয়ে খুন, তদন্তে পুলিশ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছন্দা রায় কোচবিহার শহরের বকশিবাড়ি সংলগ্ন এলাকায় একটি বাড়ির দোতলায় ভাড়া থাকতেন।

nurse-murder-cooch-behar-staff-nurse-burnt-petrol-family-dispute

চিত্রঃ নিজস্ব

Bangla Jago Desk: পারিবারিক অশান্তির জেরে এক নার্সকে পেট্রোল ঢেলে পুড়িয়ে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহারে। ১৪ নম্বর ওয়ার্ডের বকশিবাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনায় মৃত্যু হয়েছে কোচবিহার এমজেএম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্টাফ নার্স ছন্দা রায়ের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছন্দা রায় কোচবিহার শহরের বকশিবাড়ি সংলগ্ন এলাকায় একটি বাড়ির দোতলায় ভাড়া থাকতেন। তাঁর স্বামী রঞ্জিত রায় শিলিগুড়িতে গাড়ি চালানোর কাজ করতেন এবং মাঝেমধ্যে স্ত্রীর কাছে আসতেন। দম্পতির একমাত্র মেয়ে কালিংম্পঙের একটি স্কুলে পড়াশোনা করে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। বুধবার সন্ধ্যায় হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বচসা শুরু হয়। কিছুক্ষণ পরেই বাড়ি থেকে চিৎকার শোনা যায় এবং আগুন জ্বলতে দেখা যায় বলে দাবি স্থানীয়দের।

প্রত্যক্ষদর্শীদের কথায়, এক ব্যক্তি শরীরে আগুন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করেন। অন্যদিকে বাড়ির সামনে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ছন্দা রায়কে। দ্রুত খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। তবে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই নার্সের। এদিকে ঘটনায় আহত স্বামী রঞ্জিত রায়কেও গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

বাড়ির মালিক দেবজিৎ বর্মা জানান, প্রায় সাড়ে তিন বছর ধরে ওই বাড়িতে ভাড়া থাকতেন ছন্দা। স্বামীর সঙ্গে গাড়ির ইএমআই-সহ বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। একবার থানায়ও যাওয়া হয়েছিল, তবে সে সময় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ঘটনার পর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে কি না বা এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।