ad
ad

Breaking News

Noise Pollution

অনুষ্ঠান ভবনে বাজি ও ডিজে বক্স দূষণ বন্ধের দাবি, ডানকুনি পুরসভায় ডেপুটেশন

বিবাহ অন্নপ্রাশন, উপনয়ন খেলা মেলা পুজো পরব এমনকি শবযাত্রার মতো শোকের আবহেও জ্বালানো হচ্ছে বেআইনি বাজি ও ডিজে বক্স। গোদের ওপর বিষ ফোঁড়ার মত ঘনবসতি এলাকায় গড়ে উঠেছে নানা অনুষ্ঠান ভবন।

Noise Pollution: Citizens Demand Action Against Illegal

চিত্র: সংগৃহীত

তরুণ মুখোপাধ্যায়, হুগলি: সাম্প্রতিক সময়ে যে কোনো সামাজিক অনুষ্ঠানে বাজি ও ডিজে বক্স দূষণের মাত্রা সীমাহীন হয়ে উঠেছে। বিবাহ অন্নপ্রাশন, উপনয়ন খেলা মেলা পুজো পরব এমনকি শবযাত্রার মতো শোকের আবহেও জ্বালানো হচ্ছে বেআইনি বাজি ও ডিজে বক্স। গোদের ওপর বিষ ফোঁড়ার মত ঘনবসতি এলাকায় গড়ে উঠেছে নানা অনুষ্ঠান ভবন (Noise Pollution)।

পৌর ও পঞ্চায়েত এলাকার ঐসব অনুষ্ঠান ভবনগুলিতে বাজি ও ডিজে তাণ্ডব অসহনীয় হয়ে উঠছে। অনুষ্ঠান ভবনগুলির অনুমোদন দেয় স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েত। ভবনগুলি বিধি ভঙ্গ করলে পৌরসভা বা পঞ্চায়েতের এক্তিয়ার থাকে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ২৪ আগস্ট ২০২৬ সালের নির্দেশিকায় (নং,১৬৮৬–১৩৪এল/ ডবলু বি পি -২০০৬) স্পষ্ট বলা আছে, কোনও রকম মাইক্রোফোন বা লাউডস্পিকার খোলা জায়গায়, কোনো অনুষ্ঠান ভবনের বাইরে লাগানো যাবে না। সমস্ত শব্দযন্ত্র ভবনের ভিতরেই সীমাবদ্ধ রাখতে হবে। সেই শব্দযন্ত্রও রাত দশটার পরে ও সকাল আটটার আগে বাজানো যাবে না। কোনও রকম শব্দবাজির ব্যবহার করা যাবে না। কিন্তু কোনও ক্ষেত্রেই তেমন ব্যবস্থা নিতে দেখা যায় না। অনুষ্ঠান ভবনগুলির আশপাশের বাসিন্দা ও পথচারীদের নিত্য দূর্ভোগ পোহাতে হয়।

বাজি ও ডিজে বক্স বিরোধী মঞ্চের উদ্যোগে সবকটি পুরসভার কাছে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি জেলা পরিষদের মাধ্যমে জেলার প্রতিটি পঞ্চায়েতেও আবেদন জানানো হবে। ইতিপূর্বে শ্রীরামপুর ও কোন্নগর পুরসভার পুরপ্রধানদের কাছে ডেপুটেশন দেওয়া হয় (Noise Pollution)।

২ ডিসেম্বর ডানকুনি পৌরসভার পৌরপ্রধান হাসিনা শবনমের কাছে মঞ্চ ডেপুটেশন দেয়। পৌরপ্রধান হাসিনা শবনম মঞ্চকে জানান, তিনিও ব্যাক্তিগত ভাবে বাজি ও ডিজে বিরোধী। অতিরিক্ত আওয়াজে তিনিও অসুস্থ বোধ করেন। তবে অনেক সময় নানান পারিপার্শ্বিক চাপ থাকে। বিষয়টি পুলিশকে অবহিত করার যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। মঞ্চের সাধারণ সম্পাদক গৌতম সরকারের বক্তব্য, নিয়ম মানা যেমন নাগরিকের কর্তব্য তেমনই নিয়ম মানতে বাধ্য করে নাগরিকদের নৈশব্দের অধিকার প্রতিষ্ঠা করাও সরকারের দায়িত্ব।

পৌরসভাগুলি স্থানীয় সরকারের ভূমিকা পালন করে, তাই আমরা দাবি করছি, পৌরপ্রধান অনুষ্ঠান ভবনে বেআইনি বাজি ও ডিজে বন্ধের আইনি ব্যবস্থা নিন। মঞ্চের সদস্য মাবুদ আলির বক্তব্য, যারা বিয়ে অন্নপ্রাশনসহ নানা অনুষ্ঠানে বাজি জ্বালাচ্ছেন বা ডিজে বাজাচ্ছেন তারা ভাবছেন বিষয়টি একদিনের, কিন্তু আশপাশের বাসিন্দাদের রোজ ভুগতে হচ্ছে। প্রতিনিধি দলে ছিলেন, রুমা বণিক, টুম্পা সাউ, কাকলী দত্ত, সুমিতা নন্দন, বীনা, শেখ মাবুদ আলী, সৌভিক চক্রবর্তী, মুনমুন দাস, অসীমা হাজরা, রুকসানা বেগম ,ঝুমা,গীতা অরিন্দম দাস ও গৌতম সরকার (Noise Pollution)।