চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: উত্তরবঙ্গকে গেরুয়া শিবিরের ‘শক্ত ঘাঁটি’ বলা হলেও, খোদ আলিপুরদুয়ারে এসে সেই জেলার নামই ভুলে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। বুধবার আলিপুরদুয়ারের সোনাপুরের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জায়গার নাম নিয়ে নীতীন নবীনের এই হোঁচট খাওয়াকে কেন্দ্র করে হাসির রোল উঠেছে রাজনৈতিক মহলে। এই ঘটনার ভিডিও প্রকাশ করে বিজেপিকে ‘বাংলা বিরোধী বহিরাগত’ বলে তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের অফিসিয়াল এক্স (X) হ্যান্ডেলে শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, মঞ্চে দাঁড়িয়ে আমতা আমতা করছেন বিজেপির কেন্দ্রীয় নেতা। হিন্দিতে তাঁকে বলতে শোনা যায়, “ক্যায়া নাম হ্যায় ভাইয়া ইয়াহ পার? আলিপুর? (কিছুটা থমকে) দুয়ার?” অর্থাৎ যে জেলায় তিনি ভোট চাইতে এসেছেন, সেই জেলার নামই তাঁর জানা নেই। ভিডিয়োটি ভাইরাল হতেই তৃণমূলের পক্ষ থেকে তোপ দেগে বলা হয়েছে, “যাদের কাছ থেকে ভোট চাইতে আসছেন, সেখানকার ভৌগোলিক অবস্থানও তাঁদের অজানা। এই হল বাংলা বিরোধী বহিরাগত যাদের বাংলার সঙ্গে কোনও যোগাযোগ নেই।”
“Kya naam hai bhaiya yahan par?
Alipur?
Duar?”This is the National President of @BJP4India, @NitinNabin.
These are the Bangla-Birodhi Bohiragotos who have zero connection with Bengal, zero respect for Bengal, and zero interest in the people of Bengal. They cannot even bother… pic.twitter.com/fGhHTwm2QW
— All India Trinamool Congress (@AITCofficial) April 8, 2026
তৃণমূল আরও যোগ করেছে, “বিজেপির সর্বভারতীয় সভাপতি জানেনই না কোথায় প্রচার করছেন, স্থানীয় বিজেপি নেতারা আপনার জন্য কিছু করবে বিশ্বাস করেন? বাংলার মানুষ এই ঔদ্ধত্য এবং অবহেলা আর সহ্য করবে না।” বিজেপির পক্ষ থেকে অবশ্য এই বিষয়ে এখনও কোনও সাফাই পাওয়া যায়নি।
তবে বিজেপির কেন্দ্রীয় নেতাদের নাম বিভ্রাট বা উচ্চারণ বিভ্রাটের ইতিহাস দীর্ঘ। এর আগে প্রধানমন্ত্রী মোদী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করা থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরার নাম ভুল উচ্চারণ- বারেবারে বিতর্কে জড়িয়েছে বিজেপি। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীও নিশীথ প্রামাণিককে ‘নিশিকান্ত’ এবং দীপক বর্মনের পদবি ভুল উচ্চারণ করেছিলেন। এবার সেই তালিকায় নাম তুললেন নীতীন নবীন। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের মুখে এই ধরণের ভুল সাধারণ মানুষের কাছে ভুল বার্তা দিচ্ছে।