চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: আদি বনাম নব্য! বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত নন্দীগ্রাম। সোমবার সকালে নন্দীগ্রামের সোনাচূড়া ও কালীচরণপুর এলাকায় বিজেপির অভ্যন্তরীণ কোন্দল। অভিযোগ, ‘তৎকাল’ বা নব্য বিজেপি নেতাদের প্রচার আটকে তীব্র বিক্ষোভ দেখান আদি বিজেপি কর্মীরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, প্রচারের অটো থেকে সমস্ত ফেস্টুন ও সামগ্রী খুলে ফেলে প্রচার বন্ধ করে দেওয়া হয় (Nandigram Conflict)।
বিজেপির এই ঘরোয়া বিবাদের ভিডিয়ো সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি, নন্দীগ্রামে বিজেপির ফাটল এখন স্পষ্ট। তাঁর কথায়, গত পঞ্চায়েত নির্বাচনে এই এলাকায় তৃণমূলের যে বিপুল লিড ছিল, বিজেপির এই অন্তর্কলহের জেরে আগামী নির্বাচনে তা আরও বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে (Nandigram Conflict)।
নন্দীগ্রামে বিজেপির এই আদি-নব্য লড়াই নতুন কিছু নয়। স্থানীয় রাজনৈতিক মহলের মতে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুগামীদের সঙ্গে দলের পুরনো কর্মীদের দীর্ঘদিনের ঠান্ডা লড়াই এখন প্রায়ই রাজপথে আছড়ে পড়ছে। কিছু দিন আগেই কম্বল বিতরণকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষের সাক্ষী ছিল নন্দীগ্রাম, যেখানে গুরুতর আহত হয়েছিলেন দুই নেতা। এমনকি জেলা কার্যালয়ের সামনে ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনাও অতীতে ঘটেছে (Nandigram Conflict)।
দিলীপ ঘোষ দলীয় কর্মসূচিতে সক্রিয় হতেই জেলায় জেলায় আদি বিজেপি কর্মীরা চাঙ্গা হয়ে উঠেছেন, যা নব্য গোষ্ঠীর সঙ্গে সংঘাতকে আরও তীব্র করেছে। বিধানসভা নির্বাচনের আগে খোদ শুভেন্দু অধিকারীর খাসতালুকে দলের এই ছন্নছাড়া অবস্থা বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে (Nandigram Conflict)।