চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: দেহ সৎকারকে কেন্দ্র করে দুই পক্ষের গন্ডগোলে খুন হলেন এক যুবক। মুর্শিদাবাদের বহরমপুরের গোরাবাজার শ্মশানঘাটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম জয়ন্ত ঘোষ। তিনি ডোমকলের পাড়দেয়া জিতপুর এলাকার বাসিন্দা বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।পরিবারের দাবি, শনিবার রাতে জয়ন্ত ঘোষ গ্রামের এক পরিচিত বাসিন্দার দেহ সৎকার করতে গোরাবাজার শ্মশানঘাটে এসেছিলেন। সেই সময় কলাবেড়িয়া গ্রাম থেকে আসা অন্য এক মৃতদেহের সৎকার নিয়ে আগে-পরে করার বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই বচসাই দ্রুত মারধোরে রূপ নেয়। বহরমপুর থানার অন্তর্গত কলাবেড়িয়া এলাকা থেকে আসা কয়েক জন যুবক জয়ন্তকে মারধোর করতে শুরু করে।
অভিযোগ আরও, ওই মারধোরের মাঝেই পিছন দিক থেকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করা হয় জয়ন্ত ঘোষকে। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।দেহ সৎকারের মতো সংবেদনশীল বিষয়কে কেন্দ্র করে এমন হিংসাত্মক ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার কাজ শুরু করেছে।