চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk:পশ্চিম মেদিনীপুর: বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার নামে পরিচয়পত্র ও গোপন নথি সংগ্রহের অভিযোগে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানা এলাকায় ধৃত একাধিক ব্যক্তি। সম্প্রতি একটি টিম চন্দ্রকোনা থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় গিয়ে জনসাধারণের কাছ থেকে পরিচয়পত্র, ব্যক্তিগত তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করছিল। তারা জানায়, এই তথ্য তারা একটি নির্দিষ্ট অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপলোড করছে। তবে এই কার্যকলাপে সন্দেহের সঞ্চার হয় এলাকাবাসীর মনে। অনেকেই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন। অভিযোগ পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের সময় তাদের বক্তব্যে একাধিক অসঙ্গতি পাওয়া যায়। এরপরই তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি মারুতি ইকো গাড়ি, ৯টি মোবাইল ফোন এবং বিভিন্ন সংস্থার নামে একাধিক জাল পরিচয়পত্র। তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা হরিয়ানার ‘ডিপ লেন্স রিসার্চ’ নামে একটি বেসরকারি সংস্থার হয়ে ‘এক্সপ্রেস অ্যাপস’ নামক একটি অনলাইন প্ল্যাটফর্মে তথাকথিত জরিপের কাজ করছিল। তারা দাবি করেছে, পাঁচটি বিধানসভা এলাকায় জরিপ চালানোর উদ্দেশ্যে তারা পশ্চিমবঙ্গে এসেছে।
আরও পড়ুনঃ বিদেশি পড়ুয়াদের জন্য বড় ধাক্কা! ভিসার ইন্টারভিউ বন্ধ করল ট্রাম্প প্রশাসন
স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে সরব হন এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এই দলটি দীর্ঘদিন ধরেই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল এবং সাধারণ মানুষের কাছ থেকে গোপন তথ্য সংগ্রহ করছিল। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণা, জাল পরিচয়পত্র তৈরি ও ব্যবহারের মতো একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড রুখতে এলাকাবাসীকে আরও সজাগ থাকতে হবে। কোনও ব্যক্তি বা সংস্থা যদি জরিপের নামে পরিচয়পত্র কিংবা গোপন নথি চায়, তাহলে তা যাচাই না করে দেওয়া উচিত নয়।রাজ্যের একাধিক রাজনৈতিক মহলও এই ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছে। দলীয় পর্যায়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে যাতে ভুয়ো জরিপের নামে কোনো রকম তথ্য ফাঁস না হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে চন্দ্রকোনায় আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হলেও, পুলিশের দ্রুত পদক্ষেপে আপাতত স্বস্তিতে এলাকাবাসী।