চিত্র: নিজস্ব
Bangla Jago Desk: পূর্ব বর্ধমান জেলার মরুটিয়া গ্রামের মাঠপাড়া এলাকার বাসিন্দা মথুরা ঘোষ (৪৮), যিনি মানসিক ভারসাম্যহীন। পাঁচ দিন আগে তার স্ত্রী রেখা ঘোষের সঙ্গে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। মথুরা ঘোষের স্ত্রী রেখা জানিয়েছেন, তাঁদের সংসারে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন মথুরা। তাই, চিকিৎসার জন্য তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
গত সপ্তাহে, মথুরা ঘোষ এবং তার স্ত্রী বর্ধমান মেডিকেল কলেজের মানসিক বিভাগে চিকিৎসার জন্য আসেন। হাসপাতালের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মথুরা ঘোষ হঠাৎ নিখোঁজ হয়ে যান। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি।
রেখা ঘোষ জানান, তিনি সারা শহর এবং এলাকার বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে দেখেছেন, কিন্তু কোথাও মথুরা ঘোষকে পাওয়া যায়নি। একাধিকবার স্থানীয় থানায় জানিয়েও কোনো সমাধান মেলেনি। মঙ্গলবার, রেখা ঘোষ সাংবাদিকদের কাছে এসে পুরো ঘটনার বর্ণনা দেন এবং মথুরা ঘোষকে খুঁজে পেতে সাংবাদিকদের সাহায্য চেয়েছেন।
এই ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনও খোঁজ চালাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত কোনও সাফল্য মেলেনি। মথুরা ঘোষের নিখোঁজ হওয়ার পর থেকে তাঁর পরিবার এবং আত্মীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই ঘটনার তদন্ত করছে এবং মথুরাকে খুঁজে পেতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।
এখনও পর্যন্ত মথুরা ঘোষের কোনো খোঁজ না পাওয়ার কারণে তার পরিবার অত্যন্ত উদ্বিগ্ন। রেখা ঘোষ আশাবাদী যে, সংবাদমাধ্যমের সাহায্যে তার স্বামীকে ফিরে পাওয়া সম্ভব হবে।