চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk: কল্যাণ বিশ্বাস, মুর্শিদাবাদ: একের পর এক ঘটনা ঘটে চলেছে। ঘটনাস্থল সেই বিজেপি শাসিত ওড়িশা। বারংবার আক্রান্ত হচ্ছেন বাঙালিরা। কখনও বাংলাদেশী দাগিয়ে আক্রমণ চালানো হচ্ছে, কখনও সংখ্যালঘু বলে। ওড়িশা পুলিশ নির্বিকার। মুর্শিদাবাদ জেলার সুতিরচক বাহাদুরপুর এলাকার বাসিন্দা জুয়েল রানা (১৯) খুন হন ওড়িশায়। ওড়িশার সম্বলপুরে কাজের জন্যে গিয়েছিলেন জুয়েল। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের আক্রান্ত বাঙালি। ওড়িশায় এক পরিযায়ী শ্রমিককে ঘুমের মধ্যে মারধর করা হয়েছে বলে অভিযোগ। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলায় বাড়িতে ফিরে চিকিৎসাধীন আক্রান্ত রফিকুল শেখ। ওড়িশার ভুবনেশ্বরের পটিয়া চন্দ্রশেখরপুর থানার অন্তর্গত চংটা পাহাড়পুর এলাকায় কাজে গিয়ে নৃশংস হামলার শিকার হলেন তিনি।
মুর্শিদাবাদের ভগবানগোলা থানার অন্তর্গত বাসিন্দা রফিকুল শেখ (৫৬)। পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৪০ দিন আগে রুজি-রোজগারের উদ্দেশ্যে ওড়িশায় যান তিনি। ঘটনার রাতে কর্মস্থলের কাছে ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলেন রফিকুল। সেই সময় পাঁচজন দুষ্কৃতী আচমকা ঘরে ঢুকে কোনও রকম জিজ্ঞাসাবাদ না করেই তাঁকে বেধড়ক মারধর করে এবং ঘটনার পর দুষ্কৃতী পালিয়ে যায় বলে অভিযোগ। হামলায় গুরুতর জখম হন রফিকুল শেখ। স্থানীয়দের সহায়তায় প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ভগবানগোলায় ফিরিয়ে আনা হয়। রবিবার ভগবানগোলা কানাপুকুর হাসপাতালে তাঁর চিকিৎসা করা হয়।
চিকিৎসকরা জানান, শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে, তবে বর্তমানে তিনি স্থিতিশীল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার ও স্বজনদের দাবি, ভিনরাজ্যে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠছে। অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা। পুলিশে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।