চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: মন্টু সাহাজী, বসিরহাট: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার তালবেড়িয়া গ্রামে মাঝরাতে বড়সড় ডাকাতির ছক বানচাল করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে চার সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেফতার করল হাড়োয়া থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে তালবেড়িয়া এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল চার দুষ্কৃতী।
ঠিক সেই সময় হাড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রতাপ মোদক, পিসি অফিসার গৌতম নস্কর ও রাহুল মণ্ডলের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে হানা দেয়। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করতেই ধরা পড়ে তাদের ডাকাতির পরিকল্পনা।
গ্রেফতার হওয়া চারজন হলেন মাহত আলি (৩০), সুলতান মোল্লা (৪০), মহিদুল মোল্লা (৩৮), নাজিবুল মল্লিক (৩৫)। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান-শাটার বন্দুক, এক রাউন্ড গুলি, লোহার শাবল, লোহার রড এবং তালা ভাঙার নানা সরঞ্জাম। এগুলো পুলিশ ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে।চার দুষ্কৃতীকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।পাশাপাশি, এরা বড় কোনও ডাকাত চক্রের সঙ্গে যুক্ত কিনা বা আরও কোনও পরিকল্পনা ছিল কিনা—তা জানতে শুরু হয়েছে পূর্ণাঙ্গ তদন্ত।