চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: রাজ্যের বিদায়ী শাসকদল তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর এবার বিস্ফোরক অভিযোগ তুললেন শিবপুরের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। মঙ্গলবার সমাজমাধ্যমে ‘পাপ বাপকেও ছাড়ে না’ লিখে জল্পনা উসকে দিয়েছিলেন তিনি। বুধবার একটি ভিডিও বার্তার মাধ্যমে সরাসরি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন এই প্রাক্তন ক্রিকেটার।
“নামেই মন্ত্রী ছিলাম, কাজ ছিল শুধু চা-বিস্কুট খাওয়া”
ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী হিসেবে তাঁর অভিজ্ঞতা যে অত্যন্ত তিক্ত ছিল, তা এদিন স্পষ্ট করে দিয়েছেন মনোজ। তিনি অভিযোগ করেন, “আমাকে এমন মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল যে ওই দফতরে বসে চা-বিস্কুট খাওয়া ছাড়া আর আমার কোনও কাজই ছিল না। অরূপ বিশ্বাস আমাকে কোনও কাজই করতে দেননি।” মনোজের দাবি, রাজ্যের ক্রীড়াক্ষেত্রে উন্নতির জন্য তিনি বারবার বড় প্রকল্পের প্রস্তাব দিলেও অরূপ বিশ্বাস এবং মুখ্যমন্ত্রী তা কানেই তোলেননি। তাঁর মতে, অন্য রাজ্যগুলো যখন খেলার দুনিয়ায় অনেক এগিয়ে গিয়েছে, তখন বাংলা শুধু অবহেলাই পেয়েছে।
শিবপুরের নিকাশি ও ‘মিথ্যা’ প্রকল্প
নিজের নির্বাচনী কেন্দ্র শিবপুরের উন্নয়ন নিয়েও বড়সড় দুর্নীতির ইঙ্গিত দিয়েছেন মনোজ। তিনি জানান, শিবপুরের দীর্ঘদিনের নিকাশি সমস্যা মেটানোর বিষয়ে প্রশাসন সবসময় মিথ্যা কথা বলেছে। “বলা হয়েছে কোটি কোটি টাকার প্রকল্পের কথা, কিন্তু আদতে কিছুই হয়নি। যেটুকু কাজ হয়েছিল, তা আমি উদ্যোগ নিয়ে করেছিলাম,” দাবি প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রীর। নিকাশি ব্যবস্থা নিয়ে সরকারি স্তরে জালিয়াতি চলত বলেও তাঁর বক্তব্যে ইঙ্গিত রয়েছে।
“এটাই তৃণমূলের প্রাপ্য”
তৃণমূলের এই নির্বাচনী ভরাডুবিকে ‘প্রাপ্য’ বলে উল্লেখ করেছেন মনোজ তিওয়ারি। তিনি বলেন, “আমি তখনই বুঝেছিলাম এই দলটা বেশিদিন টিকবে না। এরা মানুষের জন্য কাজ করছে না। সাধারণ মানুষ আজ এদের ছুড়ে ফেলে দিয়েছে।” রাজ্যের পরিবর্তনের এই আবহে বিজেপিকে অভিনন্দন জানিয়ে মনোজের এই ভিডিও বার্তা রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। বিশেষ করে অরূপ বিশ্বাসের মতো দাপুটে মন্ত্রীর বিরুদ্ধে তাঁর এই সরাসরি আক্রমণ ঘাসফুল শিবিরের অভ্যন্তরীণ ভাঙনকে আরও স্পষ্ট করে দিল।