ad
ad

Breaking News

mamata banarjee

‘নাম কাটলে মেয়েরা সামনে লড়াই করবে, ছেলেরা পিছনে থাকবে’, এসআইআর নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

অভিযোগ করেন, বিজেপি দেশে এমন পরিস্থিতি তৈরি করেছে যেখানে তাদের আইটি সেলই নাকি ভোটার লিস্ট তৈরি করবে এবং সেই লিস্ট ধরেই ভোট হবে।

mamata-warning-on-name-deletion-voter-list-cuts

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: নির্বাচনকে কেন্দ্র করে এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বিজেপি রাজ্যে প্রায় দেড় কোটি নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করেছে, আর সেই কাজে নির্বাচন কমিশন ‘সহযোগীর ভূমিকা’ পালন করছে। মমতার কথায়, দিল্লি থেকে বিশেষ দল পাঠিয়ে নাম কাটানোর কাজ করানো হচ্ছে এবং কমিশনও নাকি বিজেপির নির্দেশমতো চলছে। 

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সরাসরি নির্বাচন কমিশনকে আক্রমণ করে প্রশ্ন তোলেন—“এখনও তো নির্বাচন ঘোষণা হয়নি, তাহলে ডিএমদের ভয় দেখানো হচ্ছে কেন? কেন মানুষকে জোর করে বেঁধে ফেলা শ্রমিক বানাতে চাইছো? আমরা বলেছিলাম সময় নিয়ে এসআইআর করা হোক, কিন্তু এত তাড়া কেন? ভোটের জন্য এত হাহাকার?”

এরপরই আরও তীব্র সতর্কবার্তা দেন তিনি। বলেন, “মনে রাখবেন, আঘাত করলে প্রত্যাঘাত হবেই। সুস্থ বাঘ যতটা ভয়ঙ্কর নয়, আহত বাঘ তার চেয়েও ভয়ঙ্কর।”

এসআইআর ছাড়াও বিজেপির আইটি সেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। অভিযোগ করেন, বিজেপি দেশে এমন পরিস্থিতি তৈরি করেছে যেখানে তাদের আইটি সেলই নাকি ভোটার লিস্ট তৈরি করবে এবং সেই লিস্ট ধরেই ভোট হবে। মমতার কটাক্ষ, “বিহারে যা করেছেন, বাংলায় তা হতে দেব না। এজেন্সি লাগালেও সফল হবেন না।”

মুখ্যমন্ত্রীর বক্তব্য, কমিশন ও কেন্দ্রের অতিরিক্ত হস্তক্ষেপ গণতন্ত্রের ভিত্তিকেই নড়বড়ে করে দিচ্ছে। তাঁর মন্তব্য—“কমিশনকে বিজেপির রূপ দেওয়ানো হয়েছে। এটা দেশের পক্ষে একেবারেই ভালো নয়। মনে রাখবেন, সরকার নির্বাচন করে মানুষ, কমিশন নয়।”

সভা থেকে তাঁর স্পষ্ট বার্তা—ভোটের আগে ভোটার তালিকা নিয়ে কোনও রাজনৈতিক খেলা বরদাস্ত করবে না রাজ্য সরকার। শেষ কথা বলবে মানুষই।