ad
ad

Breaking News

Mahakal Temple

৫৪ বিঘা জমির ওপর বিশাল মন্দির ও সাংস্কৃতিক কেন্দ্র! ১৬ জানুয়ারি মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী

পর্যটন দপ্তরের তত্ত্বাবধানে প্রায় ৫৪ বিঘা জমির ওপর এই মন্দির কমপ্লেক্স তৈরি হবে।

Mamata Banerjee Siliguri Visit Mahakal Temple

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের শুরুতেই ১৬ জানুয়ারি শিলিগুড়ির মাটিগাড়ায় প্রস্তাবিত মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন তিনি। নবান্ন সূত্রে খবর, এই সফরের পরের দিন অর্থাৎ ১৭ জানুয়ারি জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে মাটিগাড়া চত্বরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। গত অক্টোবর মাসে পাহাড়ে ধস ও প্রবল বৃষ্টির জেরে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় ফেরার পথে শিলিগুড়িতে একটি মহাকাল মন্দির গড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। এরপর দ্রুততার সঙ্গে একটি ট্রাস্টি বোর্ড গঠন করা হয় এবং মন্ত্রিসভার অনুমোদনও মিলেছে। পর্যটন দপ্তরের তত্ত্বাবধানে প্রায় ৫৪ বিঘা জমির ওপর এই মন্দির কমপ্লেক্স তৈরি হবে। এর পাশাপাশি সেখানে একটি আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র গড়ার পরিকল্পনাও রয়েছে।

ইতিমধ্যেই শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকরা মাটিগাড়ার সেই জমি পরিদর্শন করেছেন। এলাকা পরিষ্কার এবং জমি ভরাটের কাজ শুরু হয়ে গিয়েছে। প্রশাসনের আশা, এই মন্দিরটি আগামী দিনে উত্তরবঙ্গের পর্যটনে নতুন মাত্রা যোগ করবে এবং ভক্তদের কাছে এক অন্যতম আকর্ষণ হয়ে উঠবে। ধর্মীয় ও সাংস্কৃতিক পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকারের ধারাবাহিক প্রচেষ্টার এটি অন্যতম উদাহরণ। এর আগে ২০২৫ সালের ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ ধামের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। বছর শেষে ডিসেম্বরের শেষ সপ্তাহে নিউ টাউনে ‘দুর্গা অঙ্গন’ নামে একটি মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। সেই মঞ্চ থেকেই শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাসের দিনক্ষণও ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।