চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: ভোটের মুখে তপ্ত বাংলার রাজনীতি! এবার সরাসরি নিজের নিরাপত্তা নিয়ে বিষ্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তারকেশ্বরের এক জনসভা থেকে কেন্দ্রীয় এজেন্সির অতি-সক্রিয়তা নিয়ে সরব হয়ে তৃণমূল নেত্রী প্রশ্ন তুললেন, “আপনারা কি আমায় খুন করতে চান?” নিজের নিরাপত্তা রক্ষীর বাড়িতে আয়কর হানা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়ে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে, তাঁর আয়কর উপদেষ্টা থেকে শুরু করে নিরাপত্তা আধিকারিকের বাড়িতেও ইডি ও আয়কর হানা দেওয়া হচ্ছে। রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমাদের প্রার্থী দেবাশিস কুমারকে ১৬ ঘণ্টা আটকে রাখা হয়েছিল। প্রচার করতে দেওয়া হয়নি। মনে রাখবেন, প্রত্যেকটা ঘটনার কেস হবে। ছেড়ে কথা বলার লোক আমরা নই, সব রেকর্ড করে রাখা হচ্ছে।”
এদিন সভা থেকে আরও এক ধাপ এগিয়ে সরাসরি নিজের জীবনহানির আশঙ্কা প্রকাশ করেন মমতা। তিনি বলেন, “আমার যে সিকিউরিটি দেখে, তার বাড়িতেও সকাল থেকে রেড চলছে। তার মানে আপনারা কি আমায় খুন করতে চান? না কি হত্যা করতে চান? আমায় খুন করে যদি আপনারা বাংলা পান, তবে চেষ্টা করে দেখুন না!” বাম আমলের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, সিপিএম আমলেও তাঁকে অনেকবার মারার চেষ্টা করা হয়েছিল। এখন সেই সিপিএম নেতারাই বিজেপির দোসর হয়ে উঠেছে বলে কটাক্ষ করেন তিনি।
ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির এই ধরণের ‘টার্গেট’ তল্লাশি আসলে তৃণমূলকে দমানোর ছক, এই অভিযোগ বার বারই করে আসছে শাসকদল। এদিনের সভা থেকে মমতা সেই সুর আরও চড়া করে দিলেন। নিরাপত্তা রক্ষীর বাড়িতে হানাকে নিজের ওপর সরাসরি হামলা হিসেবেই দেখছেন মুখ্যমন্ত্রী। ‘খুন’ করার এই বিতর্কিত মন্তব্য এখন বঙ্গ রাজনীতির অন্দরে নতুন ঝড়ের ইঙ্গিত দিচ্ছে।