চিত্রঃ নিজস্ব
পিন্টু প্যাটেল,গলসি, পূর্ব বর্ধমান: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা দিদির দেওয়া একটি বাড়ি, যা সত্যিই যেন এক মায়ার আচ্ছাদন। আবেগ ও ভালোবাসা দিয়ে গড়া একটি স্বপ্ন, যা পূরণ হল এক নিমেষেই। আর তাতেই খুশি হয়ে কেঁদে ফেললেন গলসির ভীড়সিং গ্রামের গৃহবধূ পিউ বাগদি। তিনি বলেন, তাঁর স্বামী দিনমজুর, ছেলে থ্যালাসেমিয়ার পেশেন্ট। বহু কষ্টে জীবনযাপন করেন। তিনি লক্ষ্মীর ভাণ্ডার পান। একটি বাংলার বাড়ি পেয়ে তিনি খুব খুশি হয়েছেন।
গলসি ১ নম্বর ব্লকের বিডিও ইন্দ্রজিৎ মারিক জানান, ব্লকের নয়টি গ্রাম পঞ্চায়েতের ২৪১০ জন উপভোক্তাকে রাজ্যের মুখ্যমন্ত্রীর দেওয়া পাকা বাড়ি তৈরির প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়া হল। যা শনিবারের মধ্যে তাঁরা একাউন্টে পেয়ে যাবেন। প্রথম কিস্তির টাকা সঠিকভাবে কাজে লাগালে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা দেওয়া হবে।
এদিকে বাড়ির সঙ্গে সঙ্গে ব্লকের ভূমিহীন ৩৫ জন মানুষকে জমির পাট্টার পরচা তুলে দেওয়া হয়। যা পেয়ে রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন সন্ধিপুর গ্রামের ভূমিহীন গৃহবধূ মেহেরুন্নেশা সেখ। তিনিও আবেগঘন কণ্ঠে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, নিজের জমি ছিল না। দিদির জন্য জমি পেলাম। যেখানে ধান লাগিয়ে খেতে পারব। আগে ছেলে-মেয়ের পড়াশোনার টাকা পেয়েছি। লক্ষ্মীর ভাণ্ডার পাই। কন্যাশ্রী পেয়েছি, মেয়ের বিয়েতে রূপশ্রী পেয়েছি। আবার জমি পেলাম। গলসি ১ ব্লক বিএলঅ্যান্ডএলআরও প্রণব কর্মকার জানিয়েছেন, ব্লকের ২২ জন ভূমিহীনকে কৃষিজমির পাট্টা ও ১৩ জন ভূমিহীনকে বাসস্থান জমির পাট্টা তুলে দেওয়া হয়েছে। এর ফলে ব্লকের মোট ৩৫ জন ভূমিহীন মানুষ উপকৃত হয়েছেন।