ad
ad

Breaking News

“গণতন্ত্রকে চৈত্র সেলে বিক্রি করেছে বিজেপি!”, ৯০ লক্ষ নাম বাদ দেওয়া নিয়ে রণংদেহি মমতা

তাঁর সাফ হুঙ্কার, “বাংলার মানুষ বিজেপিকে ক্ষমা করবে না।”

Mamata Banerjee Slams BJP in Haroa Rally

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: হাড়োয়ার নির্বাচনী জনসভা থেকে রণংদেহি মেজাজে ধরা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কোটি কোটি টাকা খরচ করে প্রচার থেকে শুরু করে গণতন্ত্রকে ‘চৈত্র সেলে’র মতো বিক্রি করে দেওয়ার অভিযোগ- একাধিক ইস্যুতে বিজেপিকে তুলোধোনা করলেন তিনি। তাঁর সাফ হুঙ্কার, “বাংলার মানুষ বিজেপিকে ক্ষমা করবে না।”

এদিন সভা থেকে বিজেপিকে একটি ভোট দেওয়া মানেই নিজের অস্তিত্ব বিলীন করা বলে সতর্ক করেন মমতা। তিনি বলেন, “জেনে রাখবেন, কোটি কোটি টাকা দিয়ে প্রচার চলছে। একটা ভোট যদি বিজেপিকে ভুল করেও দিয়েছেন, তা হলে আপনার অস্তিত্ব, ঠিকানা, সম্মান, জাতি, বর্ণ, বাংলা- সব চলে যাবে।” সীমান্তবর্তী এলাকায় কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তা এবং ভোটারদের বাধা দেওয়ার চেষ্টার বিরুদ্ধেও এদিন গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী। এমনকি ইভিএম খারাপ হলে ভোটারদের সজাগ থাকার নির্দেশ দেন তিনি।

ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে বিস্ফোরক দাবি করে মমতা বলেন, “৯০ লক্ষের নাম বাদ দিয়েছ, মনে রেখো তাতেও আমরা জিতব। পুরো গণতন্ত্রকে চৈত্রমাসের সেলের মতো বিক্রি করে দিয়েছ। এভরি অ্যাকশন হ্যাজ ইটস রিঅ্যাকশন।” বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলে তিনি বুঝিয়ে দেন, পাল্টা লড়াই দিতে প্রস্তুত ঘাসফুল শিবিরও।

রাজনৈতিক আক্রমণের পাশাপাশি এদিন সুন্দরবন নিয়ে বড়সড় উন্নয়নের রূপরেখা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সুন্দরবনকে আলাদা জেলা হিসেবে ঘোষণা করা হবে। মমতা বলেন, “সুন্দরবনকে নিয়ে মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে। সাতটা নতুন জেলার মধ্যে সুন্দরবন থাকবে। প্রতি বছর বন্যা হলে আমি নিজে আসি, এই এলাকাকে আমরা আলাদা গুরুত্ব দিই।” হাড়োয়ার মাটি থেকে উন্নয়নের প্রতিশ্রুতি আর রাজনীতির কড়া ডোজ- দুই অস্ত্রেই এদিন প্রতিপক্ষকে মাত দিতে চাইলেন তৃণমূল নেত্রী।