ad
ad

Breaking News

Gangasagar

Gangasagar: গঙ্গাসাগরে এক কোটি পুণ্যার্থীর ভিড়! কপিলমুনির আশ্রমে পুজো দিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সেখানে নিজের হাতে আরতি করার পাশাপাশি মন্দিরে শাড়ি নিবেদন করে পুজো দেন মুখ্যমন্ত্রী।

Gangasagar Mamata Banerjee Visit Muriganga Bridge

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: গঙ্গাসাগর মেলা শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তার আগেই সোমবার সাগরদ্বীপে পৌঁছে মেলার প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি দীর্ঘ প্রতীক্ষিত মুড়িগঙ্গা সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক কাজ সেরে তিনি সরাসরি চলে যান কপিলমুনির আশ্রমে। সেখানে নিজের হাতে আরতি করার পাশাপাশি মন্দিরে শাড়ি নিবেদন করে পুজো দেন মুখ্যমন্ত্রী।

পুজো শেষে মন্দির চত্বর থেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, মেলা আয়োজনের জন্য ইতিমদ্যেই সাত-আটটি বৈঠক করা হয়েছে। তিনি নিজে সবটা পরিদর্শন করেছেন এবং একটি বিশেষ দল গঠন করে দেওয়া হয়েছে। প্রশাসনের অনুমান, এবার গঙ্গাসাগর মেলায় প্রায় এক কোটি পুণ্যার্থীর সমাগম হতে পারে। এই মঞ্চ থেকেই ভোটার তালিকায় নাম বাদ যাওয়া নিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ভারত সেবাশ্রম সঙ্ঘের মহারাজ থেকে শুরু করে সাধারণ মানুষ ও বহু সাধু-সন্তের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। একে অন্যায় আখ্যা দিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে, বিজেপির ইশারায় এই ধরনের কাজ বরদাস্ত করা হবে না।

এদিন মুখ্যমন্ত্রীর সফরের অন্যতম আকর্ষণ ছিল মুড়িগঙ্গা নদীর ওপর সেতুর শিলান্যাস। প্রায় ছয় বছর আগে মুখ্যমন্ত্রী এই সেতুর স্বপ্ন দেখেছিলেন। রাজ্যের পক্ষ থেকে একাধিকবার কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানানো হলেও তা মেলেনি। কেন্দ্রের এই অসহযোগিতাকে বিমাতৃসুলভ আচরণ বলে কটাক্ষ করে রাজ্য সরকার শেষ পর্যন্ত নিজস্ব উদ্যোগেই সেতু নির্মাণের কাজ শুরু করার সিদ্ধান্ত নেয়। জমি অধিগ্রহণ ও টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অবশেষে এদিন প্রকল্পের সূচনা হল।