চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: মালদহের কালিয়াচকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট নজিরবিহীন অশান্তি এবং বিচার বিভাগীয় আধিকারিকদের আটকে রাখার ঘটনায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। বুধবার রাতের ওই ঘটনার পর শুক্রবার সকালে অভিযুক্ত মিম নেতা মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার হতেই এই ইস্যুতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই গ্রেফতারির সাফল্যের কৃতিত্ব রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি-কে দিয়ে এনআইএ-র ভূমিকা নিয়ে পাল্টা খোঁচা দিয়েছেন তিনি।
কালিয়াচকের ঘটনাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল নির্বাচন কমিশন ও রাজ্য প্রশাসনকে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে কমিশন এই ঘটনার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-র হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামের গ্রেফতারির পর মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে, এনআইএ সক্রিয় হওয়ার আগেই রাজ্যের সিআইডি আসল অপরাধীকে চিহ্নিত করে জালে তুলতে সক্ষম হয়েছে।
Listen to this provocative speech from yesterday’s protest in Malda.
Speaker identified as Mofakkerul Islam, Calcutta High Court advocate and former AIMIM candidate (2021).
Police are probing his role in last night’s incident.pic.twitter.com/vkBIXPpYQJ
— Megh Updates 🚨™ (@MeghUpdates) April 2, 2026
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অশান্তির নেপথ্যে বহিরাগত শক্তির ইন্ধন রয়েছে বলে আগেই অভিযোগ করেছিলেন। তিনি হায়দরাবাদ ভিত্তিক দল এআইএমআইএম এবং মুর্শিদাবাদের হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টিকে এই ঘটনার জন্য সরাসরি দায়ী করেন। শুক্রবারের গ্রেফতারি তাঁর সেই অভিযোগকেই প্রমাণ করেছে বলে দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, বর্তমানে রাজ্যের আইনশৃঙ্খলার ভার কমিশনের হাতে থাকলেও তাঁর অফিসাররা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন এবং এনআইএ-র আগেই আসল কালপ্রিটকে গ্রেফতার করেছেন।
উল্লেখ্য, বুধবার ভোটার তালিকার কাজে নিযুক্ত সাতজন বিচারককে কালিয়াচক-২ ব্লক অফিসে প্রায় আট ঘণ্টা আটকে রেখেছিল উত্তেজিত জনতা। এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধের জেরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এলাকা। ভোটের মুখে বিচারবিভাগীয় আধিকারিকদের ওপর এই হামলার ঘটনায় জাতীয় স্তরে শোরগোল পড়ে যায়। অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামকে মালদহে নিয়ে এসে জেরা করার প্রক্রিয়া শুরু হয়েছে। এনআইএ-র গোয়েন্দারাও এই ঘটনার শিকড়ে পৌঁছাতে ইতিমধ্যেই মালদহে পা রেখেছেন।