ad
ad

Breaking News

Mamata Banerjee

‘বিজেপির আইটি সেলকে দিয়ে বানানো অ্যাপ’, এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার গঙ্গাসাগর থেকে কলকাতায় ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবারও এসআইআর প্রসঙ্গে সরব হন মুখ্যমন্ত্রী।

: mamata-attacks-ec-over-sir-process

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: বাংলায় চলমান এসআইআর প্রক্রিয়া নিয়ে ফের একবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের কাজকর্মকে ‘ভুলভাল’ বলে কটাক্ষ করার পাশাপাশি তিনি অভিযোগ করেন, বিজেপির আইটি সেলকে দিয়ে নির্বাচন কমিশনের অ্যাপ তৈরি করানো হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, এই পুরো প্রক্রিয়া অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক।  

সোমবার বহু প্রতীক্ষিত গঙ্গাসাগর সেতুর উদ্বোধনে গঙ্গাসাগর সফরে যান মুখ্যমন্ত্রী। সেখানকার প্রশাসনিক মঞ্চ থেকেই তিনি এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের ভোগান্তির ছবি তুলে ধরেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রবল শীতের মধ্যেও প্রবীণ নাগরিক ও অন্তঃসত্ত্বা মহিলাদের শুনানির জন্য দীর্ঘ লাইনে দাঁড় করানো হচ্ছে, যা সম্পূর্ণ অমানবিক। 

ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়েও নির্বাচন কমিশনকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, প্রায় ৫৪ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, অথচ তাঁদের সংবিধানসম্মত অধিকার অনুযায়ী ৭ ও ৮ নম্বর ফর্ম পূরণ করার সুযোগ দেওয়া হয়নি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে নির্বিচারে নাম বাদ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এমনকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কমিশনের কাজকর্ম চলছে বলেও দাবি করেন প্রশাসনিক প্রধান।

মঙ্গলবার গঙ্গাসাগর থেকে কলকাতায় ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবারও এসআইআর প্রসঙ্গে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কমিশন ভুলভাল কাজ করছে। জীবিত মানুষকে মৃত দেখানো হচ্ছে। বয়োজ্যেষ্ঠদের নাকে নল লাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।” বিজেপির আইটি সেলের তৈরি অ্যাপকে নিশানা করে তিনি স্পষ্ট বলেন, “এই অ্যাপ সম্পূর্ণ অবৈধ, অসাংবিধানিক ও অগণতান্ত্রিক। এভাবে কোনও নির্বাচন প্রক্রিয়া চলতে পারে না।”

এই ইস্যুতে প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী। এমনকি দরকার হলে তিনি নিজেই সওয়ালে অংশ নেবেন বলেও জানান।

অন্যদিকে, গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়েও এদিন আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, মেলার জন্য পর্যাপ্ত হাসপাতাল, বেড, চিকিৎসক ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি যাত্রীদের সুবিধার জন্য পর্যাপ্ত বাস পরিষেবাও থাকবে। একটিমাত্র সিঙ্গেল টিকিটেই যাত্রীরা মেলায় যাতায়াত করতে পারবেন বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।