প্রতিনিধির দেওয়া চিত্র
অভিষেক দাস, মালদা:- একাধিক রাজ্যের প্রতিযোগীকে পিছনে ফেলে জাতীয় স্তরের জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন মালদহের ১৬ বছরের কিশোরী প্রিন্সিপ্রিয়া ভৌমিক। বাংলার প্রতিনিধিত্ব করে এই সাফল্য অর্জন করায় খুশির আবহ তৈরি হয়েছে মালদা জেলায় (Malda)।
প্রিন্সিপ্রিয়া মালদার ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর গভার্মেন্ট কলোনি এলাকার বাসিন্দা। তাঁর বাবা সুরজিৎ ভৌমিক পেশায় ব্যবসায়ী এবং মা পূর্ণিমা ভৌমিক গৃহবধূ। তিনি মালদা শহরের একটি বেসরকারি স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। ছোটবেলা থেকেই মডেলিং ও গ্রুমিংয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর।
কয়েক মাস আগে কলকাতায় আয়োজিত রাজ্যস্তরের জুনিয়র মিস ইন্ডিয়া অডিশনে ১৫ থেকে ১৬ বছর বয়সী বিভাগে অংশ নেন প্রিন্সিপ্রিয়া। সেখানে প্রায় ৭৫০ জন প্রতিযোগীর মধ্যে থেকে নির্বাচিত হয়ে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান তিনি। পরে রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত জুনিয়র মিস ইন্ডিয়ার ফাইনালে ১৭৫ জন প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন তিনি (Malda)।
জুনিয়র মিস ইন্ডিয়া চ্যাম্পিয়ন প্রিন্সিপ্রিয়া ভৌমিক জানান, ছোটবেলা থেকেই অভিনয় জগতে কাজ করার স্বপ্ন তাঁর। তিনি বলেন, বাংলার হয়ে কালচার রাউন্ডে ঐতিহ্যবাহী নবান্ন উৎসবের সংস্কৃতি পোশাকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। এই সাফল্যে তিনি খুশি এবং ভবিষ্যতে মিস ইন্ডিয়া প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিতে চান বলেও জানান।
প্রতিযোগিতাটি মোট চারটি রাউন্ডে অনুষ্ঠিত হয়- ইন্ট্রোডাকশন, কালচার, ট্যালেন্ট এবং ওয়াক। সব রাউন্ডে সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতেই চ্যাম্পিয়ন নির্বাচিত হন প্রিন্সিপ্রিয়া (Malda)।
প্রিন্সিপ্রিয়ার মা পূর্ণিমা ভৌমিক জানান, সাত বছর বয়স থেকেই তিনি মডেলিং ও অভিনয়ের প্রশিক্ষণ নিতে শুরু করেন। স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়াকালীন সময় থেকেই এলাকার অন্যান্য ছেলেমেয়েদের মডেলিংয়ের প্রাথমিক প্রশিক্ষণ দিতেন তিনি।
উল্লেখযোগ্যভাবে, প্রিন্সিপ্রিয়া ইতিমধ্যেই ‘কালিয়াচক চ্যাপ্টার ২’ নামের একটি বাংলা ছবিতে অভিনয় করেছেন। ভবিষ্যতে সিনেমা জগতে আরও কাজ করার ইচ্ছা রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে (Malda)।