ad
ad

Breaking News

Suri

স্ত্রীর জন্য ‘লাভ’ চুরি! চোর ধরে গুচ্ছ গোলাপ দিল পুলিশ

বীরভূমের সিউড়ি শহরে ঘটল এক অদ্ভুত ঘটনা।

Love offering for stolen 'profit' finally pays off with roses given by police

চিত্র: নিজস্ব

Bangla Jago Desk: বীরভূমের সিউড়ি শহরে ঘটল এক অদ্ভুত ঘটনা। স্ত্রীকে বিশেষভাবে ভালবাসা জানানোর জন্য সিউড়ি পুরসভার এলইডি বোর্ড থেকে ‘লাভ’ চিহ্ন চুরি করলেন এক যুবক। যদিও শেষমেশ ধরা পড়লেন পুলিশের হাতে। তবে ঘটনা শোনার পর পুলিশের সহানুভূতি এবং পুরসভার উদারতায় কাহিনির মোড় ঘুরে গেল।

সম্প্রতি সিউড়ি শহরের সার্কিট হাউস সংলগ্ন জায়গায় একটি এলইডি বোর্ডে লেখা ছিল, “আমার ভালবাসার শহর সিউড়ি”। সেই বোর্ডে ছিল একটি লাল ‘লাভ সাইন’, যা চুরির ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় আসে। মঙ্গলবার রাতে সেই চিহ্নটি প্লাস্টিকের বোর্ড থেকে খুলে নিয়ে যান অভিযুক্ত যুবক।

চুরির অভিযোগ জানাতে থানায় যোগাযোগ করেন সিউড়ি পুরসভার পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায়। পুলিশ দ্রুত তদন্তে নেমে অভিযুক্তকে মহম্মদবাজার থেকে আটক করে। কিন্তু জিজ্ঞাসাবাদে জানা যায়, চুরির পিছনে কোনো অপরাধমূলক উদ্দেশ্য ছিল না। যুবক জানান, স্ত্রীকে ভালবাসার বিশেষ এক উপহার দিতে চেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত চিহ্নটি স্ত্রীর কাছে পৌঁছানোর আগেই ভেঙে যায়।

যুবকের এই আবেগময় স্বীকারোক্তি শুনে পুলিশ এবং পুরপ্রধান মানবিকতার পরিচয় দেন। তাঁরা ওই যুবককে লাল গোলাপের একটি তোড়া কিনে দেন। থানার বাইরেই সেই তোড়া হাতে স্ত্রীকে ভালবাসার কথা জানান যুবক। হাঁটু গেড়ে বসে স্ত্রীর প্রতি নিজের অনুভূতি প্রকাশ করেন এবং চুরি করার জন্য ক্ষমা চান। স্ত্রীকে প্রণাম করে অঙ্গীকার করেন, “আর কখনও চুরি করব না।”

এই প্রসঙ্গে সিউড়ি পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, “কাউকে ভালবাসার জন্য চুরি করতে দেখিনি। এটা একেবারেই অনন্য ঘটনা। তবে মানুষের আবেগকেও তো সম্মান করতে হয়।” সত্যিই, ভালবাসা কতটা অদ্ভুত এবং শক্তিশালী হতে পারে, তার প্রমাণ দিলেন এই যুবক। সিউড়ির এই ঘটনা এখন শহরজুড়ে আলোচনার বিষয়।