চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: রাজ্য সরকারের নির্দেশে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক সহায়তার অঙ্ক বৃদ্ধি পাওয়ায় সিউড়ি শহরে তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের উদ্যোগে একটি মিছিলের আয়োজন করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ উপভোক্তাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক অর্থ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে। পাশাপাশি, এসসি ও এসটি শ্রেণির উপভোক্তাদের ক্ষেত্রে এই সহায়তা ১,২০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১,৭০০ টাকা। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ থেকে এই বাড়তি অর্থ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করেছে (Lakshmir Bhandar)।
এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সিউড়ি শহর তৃণমূল কংগ্রেস মহিলা সংগঠনের পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সিউড়ির তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। একইসঙ্গে সিউড়ি ১ নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগেও পৃথকভাবে মিছিলের আয়োজন করা হয়।
মিছিলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বহু উপভোক্তা মহিলা অংশগ্রহণ করেন। তাঁরা হাতে লক্ষ্মীর ভাণ্ডারের প্রতীক বহন করে মিছিলে শামিল হন। অংশগ্রহণকারীদের একাংশ জানান, আর্থিক সহায়তার অঙ্ক বৃদ্ধি পাওয়ায় তাঁদের দৈনন্দিন খরচ মেটাতে কিছুটা সুবিধা হবে (Lakshmir Bhandar)।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অর্থ বৃদ্ধির এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বীরভূম জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলাদের মধ্যে প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। শনিবারের মিছিলের মাধ্যমে মহিলা সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয় (Lakshmir Bhandar)।