ad
ad

Breaking News

Lahek Ali

১০ সেপ্টেম্বর পর্যন্ত শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন পেলেন সিপিএম নেতা লাহেক আলি

জানা গিয়েছে, লাহেক আলির মা গুরুতর অসুস্থ

Lahek Ali Calcutta High Court Grants Interim Bail

চিত্র- সংগৃহীত

AK Bangla Desk: বারুইপুরের সিপিএম নেতা লাহেক আলিকে অন্তর্বর্তিকালীন জামিন দিল কলকাতা হাই কোর্ট। শর্তসাপেক্ষে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে। আদালতের নির্দেশ, এই সময়ের মধ্যে তিনি এলাকা ছেড়ে যেতে পারবেন না এবং তদন্তে পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। জানা গিয়েছে, লাহেক আলির মা গুরুতর অসুস্থ। সেই কারণ দেখিয়েই তাঁর তরফে হাই কোর্টে অন্তর্বর্তিকালীন জামিনের আবেদন করা হয়েছিল। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেই আবেদন মঞ্জুর করেন। তবে জামিনের সঙ্গে একাধিক শর্তও বেঁধে দিয়েছে আদালত।

গত জুন মাসে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল বারুইপুর। ওই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন স্থানীয় বাসিন্দারা। পরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর অভিযোগ সামনে আসে। পাশাপাশি পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং পুলিশকর্মীদের মারধরের অভিযোগও ওঠে। এই আন্দোলনের অন্যতম মুখ হিসেবে সামনে এসেছিলেন সিপিএম নেতা লাহেক আলি। বারুইপুরের খোদারবাজার এলাকার বাসিন্দা লাহেক সিপিএমের রাজ্য কমিটির সদস্য। অশান্তির ঘটনায় তাঁর বিরুদ্ধেও একাধিক অভিযোগ দায়ের হয়। পুলিশের দাবি, বিভিন্ন ঘটনায় তাঁর বিরুদ্ধে মোট ২৬টি ধারায় মামলা রুজু করা হয়েছে।

গত ১২ জুলাই বাড়ি থেকে লাহেক আলিকে গ্রেপ্তার করে পুলিশ। সেই সময় থেকেই তাঁর গ্রেপ্তারিকে রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে অভিযোগ করে আসছে সিপিএম। দলের দাবি, নাবালিকা ধর্ষণ-খুনের প্রতিবাদে নেতৃত্ব দেওয়ার কারণেই তাঁকে নিশানা করা হয়েছে। অন্যদিকে, পুলিশের বক্তব্য ছিল, বারুইপুরের অশান্তিতে তাঁর ভূমিকা নিয়ে নির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং সেই কারণেই আইন অনুযায়ী পদক্ষেপ করা হয়েছে। এই আবহেই মায়ের গুরুতর অসুস্থতার কথা জানিয়ে আদালতের দ্বারস্থ হন লাহেক। সবদিক বিবেচনা করে তাঁকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তিকালীন জামিন দিল হাই কোর্ট। তবে তদন্তে সহযোগিতা এবং এলাকা না ছাড়ার শর্ত মানতে হবে তাঁকে।