ad
ad

Breaking News

Nadia

শান্তিপুরে রাধা-কৃষ্ণের মিলনময় কুঞ্জভঙ্গ অনুষ্ঠান, উপচে পড়ল ভক্তদের ভিড়

অন্যদিকে বড় গোস্বামী বাড়িতে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে ভক্তিময় পরিবেশে শুরু হয় কুঞ্জভঙ্গ অনুষ্ঠান।

kunjbhang-festival-shantipur-celebrates-radha-krishna-devotion

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: মাধব দেবনাথ,নদিয়া: ভক্তি, আবেগ ও ঐতিহ্যের মিলনমেলায় সম্পূর্ণ হল নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যবাহী রাসলীলার অন্যতম পর্ব ‘কুঞ্জভঙ্গ’। ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকার এই মিলন মুহূর্ত দেখতে হাজার হাজার ভক্তের সমাগমে উপচে পড়ে গোটা শান্তিপুর।শুক্রবার গভীর রাতে রাসমঞ্চে শ্রী রাধিকা ও শ্রীকৃষ্ণের যুগল রূপে মেতে ওঠেন ভক্তরা। ঢাকের কাঁটির আওয়াজ, করতাল ও হরিনাম সংকীর্তনের সুরে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। 

মূল মন্দিরে প্রবেশের আগে রাসমঞ্চে ভক্তদের কোলেই নৃত্যরত অবস্থায় দেখা যায় রাধা-কৃষ্ণের মূর্তি— এই দৃশ্যের নামই ‘কুঞ্জভঙ্গ’, যা প্রতীক ভক্ত ও ভগবানের অটুট বন্ধনের।প্রাচীন ঐতিহ্য অনুসারে শান্তিপুরের একাধিক গোস্বামী বাড়িতে এই কুঞ্জভঙ্গ অনুষ্ঠান পালিত হয়। বড় গোস্বামী বাড়ি ও বিজয়কৃষ্ণ গোস্বামী বাড়ি বিশেষভাবে উল্লেখযোগ্য। রাসমঞ্চ থেকে নগরকীর্তনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকাকে পরিক্রমা করানো হয়। এরপর গোস্বামী পরিবারের সদস্যরা রাধারমন জিউ ও শ্যামসুন্দর জিউকে কোলে করে নাচতে থাকেন— যা ভক্তি ও আনন্দের অনন্য প্রকাশ। 

এদিন বিজয়কৃষ্ণ গোস্বামী বাড়ির কুঞ্জভঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা ও রাজ্য আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি নগরকীর্তনে অংশ নেন। বাড়ির বংশধর তথা তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীও পরিবারের সদস্যদের সঙ্গে অংশ নেন কীর্তনে। অন্যদিকে বড় গোস্বামী বাড়িতে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে ভক্তিময় পরিবেশে শুরু হয় কুঞ্জভঙ্গ অনুষ্ঠান। উপবাস ও নিষ্ঠার সঙ্গে বংশধররা রাধারমন জিউকে কোলে নিয়ে নৃত্যে মেতে ওঠেন— যা ভক্তি আর ভগবানের মিলনের প্রতীক হিসেবে চিহ্নিত।এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শান্তিপুরে জমে ওঠে ভক্তি, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার মিলনমেলা। ভক্তদের মতে, ‘এই এক দিনের দৃশ্য দেখার জন্য সারা বছর অপেক্ষা করতে হয়।‘