চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: ভোটের মরশুমে তপ্ত বাংলার মেজাজ ঠান্ডা করল প্রকৃতি। বৃহস্পতিবার সকাল থেকেই শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুধু কলকাতাই নয়, রাজ্যের মোট ৮টি জেলায় আগামী কয়েক ঘণ্টা বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির তাণ্ডব চলতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার তো বটেই, কোথাও কোথাও হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলিতে বৃষ্টির দাপট সবথেকে বেশি থাকবে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটে এক ধাক্কায় অনেকটাই কমেছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, “আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।” আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।
গত ২৪ ঘণ্টায় শহর কলকাতায় ১৫.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি মিললেও, এই স্বস্তি বেশিদিন স্থায়ী হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদারা। পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল শুক্রবার থেকেই আবহাওয়ার ভোলবদল হতে পারে। আকাশ পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে পারদ। তবে আপাতত বৃষ্টির হাত ধরে মনোরম আবহাওয়া উপভোগ করছে কলকাতাবাসী।