চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গত সপ্তাহ থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি শুরু হয়েছিল। তবে মঙ্গলবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা অনেকটাই কমেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবারও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। আকাশ মেঘলা থাকলেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সারাদিন শহরের আকাশ মূলত মেঘলা থাকবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ঝড়বৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কম।
দক্ষিণবঙ্গে বুধবার বৃষ্টি কম থাকলেও বৃহস্পতিবার থেকে পরিস্থিতি বদলাতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টির দাপট তুলনামূলক বেশি থাকতে পারে উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। অন্যদিকে, উত্তরবঙ্গে এখনও দুর্যোগের আশঙ্কা কাটেনি। বুধবারও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
শুধু পাহাড়ি জেলা নয়, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি চলতে পারে। টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে। নদীর জলস্তর বৃদ্ধি এবং নিচু এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা থাকায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।