চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: শীতের আমেজ নয়, এ যেন আস্ত এক হিমঘর! গত কয়েকদিন ধরেই হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে তিলোত্তমা। লেপ-কম্বলে ছেড়ে বেরোতেই কালঘাম ছুটছে সাধারণ মানুষের। আলিপুর আবহাওয়া দফতর সাফ জানিয়ে দিয়েছে, শীতের এই দাপট স্রেফ ট্রেলার; আসল সিনেমা বা ‘পিকচার’ এখনও বাকি। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ—রাজ্যজুড়ে এখন শুধুই কনকনে উত্তুরে হাওয়ার দাপট। কলকাতার তাপমাত্রা ইতিমধ্যেই ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এসেছে। মঙ্গলবার রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৩ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম। শুধু রাত নয়, দিনের বেলাতেও সূর্যের তেজ উধাও। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৭ ডিগ্রি নিচে নেমে ১৮ ডিগ্রিতে ঠেকেছে।
আবহাওয়াবিদদের মতে, বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। বিশেষ করে বীরভূম এবং পশ্চিম বর্ধমানে শৈত্যপ্রবাহের (Cold Wave) সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়াতে বজায় থাকবে ‘শীতল দিন’ বা Cold Day পরিস্থিতি। আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপের জেরেই রাজ্যে শীতের এই কামড় আরও জোরালো হয়েছে। এর প্রভাবে উত্তুরে হাওয়া অবাধে ঢুকছে বাংলায়। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত এই দাপট কমার কোনো লক্ষণ নেই। বাঁকুড়া থেকে বর্ধমান—পুরো দক্ষিণবঙ্গই এখন জবুথবু ঠান্ডার কবলে।
উত্তরবঙ্গে শীতের দাপট আরও মারাত্মক। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ‘কোল্ড ডে’ পরিস্থিতি অব্যাহত। কুয়াশার দাপটে দৃশ্যমানতা এতটাই কমেছে যে যান চলাচলেও সতর্কতা জারি করতে হয়েছে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ঠান্ডার আমেজকে আরও বাড়িয়ে তুলবে। চলতি সপ্তাহে উত্তরবঙ্গের তাপমাত্রা আরও ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।