চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk: সনাতন গরাই, দুর্গাপুর: তারকা উপস্থিতি ঘিরে কার্যত জনজোয়ারের ছবি দেখা গেল দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে। তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্তের সমর্থনে সগড়ভাঙা এলাকায় রোড শো করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তাঁর উপস্থিতিতে গোটা এলাকা ভরে ওঠে উৎসাহী সমর্থক ও সাধারণ মানুষের ভিড়ে। রোড শো ঘিরে সকাল থেকেই সগড়ভাঙা এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। রাস্তার দু’ধারে সারি দিয়ে দাঁড়িয়ে ছিলেন অসংখ্য মানুষ। কারও হাতে ফুলের তোড়া, কেউ আবার উত্তরীয় নিয়ে প্রিয় তারকাকে বরণ করতে প্রস্তুত। ভিড় সামলাতে যথেষ্ট বেগ পেতে হয় আয়োজকদের।
খোলা গাড়িতে দাঁড়িয়ে হাসিমুখে হাত নেড়ে সকলকে শুভেচ্ছা জানান কোয়েল মল্লিক। মাঝেমধ্যে গাড়ি থামিয়ে সমর্থকদের সঙ্গে হাত মেলান এবং কথা বলেন। তাতেই উচ্ছ্বাস আরও কয়েকগুণ বেড়ে যায়। গোটা সগড়ভাঙা এলাকা জুড়ে রোড শো এগোতে থাকলে মানুষের স্রোতও তার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলে।
রাস্তার পাশে বাড়ির ছাদ, বারান্দা, এমনকি দোকানের সামনেও বহু মানুষ দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করেন। শ্লোগান, ঢাক-ঢোল ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে চারদিক। তৃণমূল প্রার্থী কবি দত্তের সমর্থনে এই রোড শোকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। দলীয় নেতৃত্বের দাবি, তারকা উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। নির্বাচনের আগে এই জনসমর্থন ফলাফলে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছে শাসকদল।