চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: কল্যান বিশ্বাস, মুর্শিদাবাদ: খড়গ্রাম থানার একটি বাইক চুরি মামলায় বড়সড় সাফল্য পেল পুলিশ। মুর্শিদাবাদ, বীরভূম ও মালদা জেলার একাধিক থানা এলাকার প্রায় ১০০টি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরচক্রের মূল পান্ডাকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে চুরি যাওয়া রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১২ ডিসেম্বর খড়গ্রাম থানার অন্তর্গত শেরপুর হাট এলাকা থেকে একটি রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ মোটরসাইকেল চুরি হয়। ঘটনার দিনই শেরপুর গ্রামের এক বাসিন্দা খড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে খড়গ্রাম থানায় একটি মামলা রুজু হয়।
মামলার তদন্তে খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরজিৎ হালদারের নেতৃত্বে তদন্তকারী অফিসার এসআই সুব্রত দেবনাথ মুর্শিদাবাদ, বীরভূম ও মালদা জেলার বিভিন্ন থানা এলাকার প্রায় ১০০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। দীর্ঘ অনুসন্ধানের পর মিঠুন মণ্ডলকে শনাক্ত করা সম্ভব হয়। তার বাড়ি বীরভূমের রামপুরহাট থানা এলাকায়।
বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে পুলিশ।ধৃতকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হলে বিচারক তা মঞ্জুর করেন। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় মিঠুন মণ্ডলের স্বীকারোক্তির ভিত্তিতে শুক্রবার ভোরে মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকার মোকিম শেখের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই চুরি যাওয়া রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।