ad
ad

Breaking News

Paschim Medinipur

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে কাকিমাকে কুপিয়ে খুন করে পলাতক ভাসুরপো

তবে হাসপাতালে পৌঁছনোর আগেই রাস্তায় তাঁর মৃত্যু হয়।মেদিনীপুর মেডিক্যাল কলেজের মর্গে মৃতদেহের ময়নাতদন্ত হবে বলে জানিয়েছেন জেলা পুলিশের এক আধিকারিক।

keshpur-murder-over-extra-marital-affair

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: বিবাহবহির্ভূত সম্পর্কের টানাপোড়েন থেকেই চরম পরিণতি। কেশপুরে কাকিমাকে খুন করে পালিয়ে গেল ভাসুরপো। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হল না বছর পঁচিশের যুবতী পূজা বাগের। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের কলাগ্রাম গ্রাম পঞ্চায়েতের বসনচক এলাকায়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত পূজা বাগের সঙ্গে তাঁর সম্পর্কে ভাসুরপো, বছর বাইশের বিদেশ বাগের প্রায় এক বছর ধরে বিবাহবহির্ভূত প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর একাধিকবার গ্রাম ও পরিবারের তরফে আপোষে মেটানোর চেষ্টা করা হয় বলে দাবি স্থানীয়দের। সম্প্রতি পূজা ওই সম্পর্ক থেকে সরে আসার চেষ্টা করছিলেন বলেও পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, বসনচক এলাকার বাড়ির অদূরে একটি কৃষিজমিতে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। সেই সময়েই আচমকা ধারাল অস্ত্র দিয়ে পূজার পেটে কোপ মারে বিদেশ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন পূজা। তাঁকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখেই পালিয়ে যায় অভিযুক্ত। দূর থেকে পূজার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই উদ্ধার করে প্রথমে কেশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে হাসপাতালে পৌঁছনোর আগেই রাস্তায় তাঁর মৃত্যু হয়।মেদিনীপুর মেডিক্যাল কলেজের মর্গে মৃতদেহের ময়নাতদন্ত হবে বলে জানিয়েছেন জেলা পুলিশের এক আধিকারিক। তিনি জানান, মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে বিদেশ বাগের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত বিদেশ বাগ পলাতক।

তার খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে কেশপুর থানার পুলিশ। দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করা হবে বলে আশাবাদী তদন্তকারীরা।স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সুখদেব দোলই বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বহুবার বিষয়টি আপোষে মেটানোর চেষ্টা করা হয়েছিল। আমরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।