চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk: অভিষেক দাস, মালদা: ডিজিটাল যুগে প্রায় হারিয়ে যেতে বসা কলমের ঐতিহ্যকে নতুন করে তুলে ধরতে মালদায় অনুষ্ঠিত হল ব্যতিক্রমী প্রদর্শনী। যার নাম ‘কলম উৎসব’।মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরে আয়োজিত এই প্রদর্শনীতে অংশ নেন পেশায় গ্রন্থাগারিক সুবীর সাহা। তাঁর ব্যক্তিগত সংগ্রহে থাকা কয়েক হাজার দুর্লভ ও ঐতিহাসিক কলম নিয়ে হাজির হন তিনি। প্রদর্শনী দেখতে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের ভিড় উপচে পড়ে। ‘কলম উৎসব’-এর উদ্বোধন করেন মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের তাপোহরানন্দ মহারাজ।
এই প্রদর্শনীতে দর্শকদের সামনে তুলে ধরা হয় প্রাচীন আমলের খাগের কলম ও দোয়াত থেকে শুরু করে রাজআমলের সুদৃশ্য ও রকমারি পেন। সোনার প্রলেপ দেওয়া পেন, হাতির দাঁতযুক্ত পেন, ম্যাজিক পেন, বাঁশের পেন, খাগের কলমসহ দেশ-বিদেশের নামিদামি প্রায় সব ধরনের কলম নজর কেড়েছে দর্শকদের। প্রদর্শনীর মাধ্যমে প্রাচীন যুগ থেকে বর্তমান ডিজিটাল যুগ পর্যন্ত কলমের বিবর্তনের ইতিহাসও তুলে ধরা হয়েছে। কলম উৎসবের অন্যতম আয়োজক সুবীর সাহা জানান, তাঁর সংগ্রহে দেশ-বিদেশের অন্তত পাঁচ হাজারেরও বেশি কলম রয়েছে। তবে ডিজিটাল মাধ্যমের বাড়বাড়ন্তে কলমের ব্যবহার ক্রমশ কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
এ প্রসঙ্গে রামকৃষ্ণ মিশনের তাপোহরানন্দ মহারাজ বলেন, এমন প্রদর্শনী সত্যিই অভিনব। যিনি এত বিপুল সংখ্যক কলম সংগ্রহ করেছেন, তাঁর উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ছাত্রছাত্রীরা এই প্রদর্শনী দেখে উপকৃত হবে। পাশাপাশি কলমের প্রতি তাঁদের যত্ন, আগ্রহ ও আকর্ষণ আরও বাড়বে।ডিজিটাল সময়ে কলমের গুরুত্ব ও ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই ‘কলম উৎসব’ যে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করল, তা বলাই যায়।