চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: গরমের দাপট কমিয়ে রাজ্যজুড়ে এবার কালবৈশাখীর দাপট। চৈত্র শেষের তপ্ত দুপুরে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। তবে এই স্বস্তি আসছে দুর্যোগের হাত ধরে। বুধবার থেকে রাজ্যের উত্তর ও দক্ষিণ— উভয় প্রান্তেই ঝড়-বৃষ্টির দাপট বাড়বে বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জারি হয়েছে কমলা সতর্কতা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে পাওয়া আপডেটে জানা যাচ্ছে, কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া— অর্থাৎ সব কটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, দুই ২৪ পরগনা ও পশ্চিমের জেলাগুলোতে দুর্যোগের মাত্রা বেশি হতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করা হয়েছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও স্বস্তির বৃষ্টি বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে আজ হলুদ সতর্কতা জারি থাকলেও আগামীকাল থেকে পরিস্থিতির অবনতি হতে পারে। বৃহস্পতিবার উত্তরের জেলাগুলোতে বৃষ্টির দাপট বাড়লে কমলা সতর্কতা কার্যকর হবে। সেখানেও ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার ছুঁতে পারে।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, এই ঝড়-বৃষ্টির জেরে আগামী দুই দিনে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না; বৃষ্টির রেশ কাটলেই পরবর্তী দুই দিনে তাপমাত্রা ফের ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও, দক্ষিণবঙ্গে টানা ঝড়-বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে ১০ এপ্রিল পর্যন্ত। ১৩ তারিখের পর থেকে উত্তরবঙ্গেও দুর্যোগ ধীরে ধীরে কমতে শুরু করবে।