চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: বাঁকুড়ার জয়পুরে এক রাতে একাধিক বাড়িতে চুরির চেষ্টার ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের হদিস পেল পুলিশ। ঘটনার মাত্র পাঁচ দিনের মাথায় মূল অভিযুক্ত সহ তিনজনকে গ্রেফতার করল জয়পুর থানার পুলিশ। ধৃতদের নাম হাসেন আলী খান, শারাফত দালাল ও আমির মণ্ডল (Joypur)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬শে ডিসেম্বর মধ্যরাতে জয়পুর থানার মিদ্যা পাড়া এবং বনফুল লজ সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দুষ্কৃতীরা একটি বাড়িতে চুরির পাশাপাশি আরও দুটি বাড়ি ও একটি দোকানে চুরির চেষ্টা চালায়। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হলে জয়পুর পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়।
তদন্তের স্বার্থে পুলিশ তথ্যপ্রযুক্তি এবং গোপন সোর্সকে কাজে লাগায়। অবশেষে বুধবার খবর পাওয়া যায় যে, অভিযুক্তরা বাঁকুড়া সদর থানার কেথারডাঙ্গা এলাকায় লুকিয়ে রয়েছে। সেখানে অভিযান চালিয়ে পুলিশ ওই তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে (Joypur)।
বৃহস্পতিবার ধৃত তিন অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ জানিয়েছে, চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না বা তারা অন্য কোনও অপরাধের সঙ্গে যুক্ত কি না, তা বিস্তারিত জানতে পুলিশ তাদের নিজেদের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন জানিয়েছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের চিহ্নিত করতে পারায় জয়পুর থানার পুলিশের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা (Joypur)।