চিত্রঃ নিজস্ব
বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: শ্রদ্ধা, ইতিহাস আর নিজস্ব সংস্কৃতির আবেশে বালুরঘাটে পালিত হল বিশিষ্ট আদিবাসী স্বাধীনতা সংগ্রামী জিত রাম বেদিয়ার জন্মদিন। বেদিয়া সামাজিক সমিতির উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের দৌল্লা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত হল এই বিশেষ অনুষ্ঠান। এ বছর জিত রাম বেদিয়ার ২২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় দিনভর নানা কর্মসূচি।অনুষ্ঠানের শুরুতেই আয়োজকদের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। ঢাক, মাদল ও আদিবাসী বাদ্যযন্ত্রের তালে তালে র্যালিটি দৌল্লা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। র্যালির মাধ্যমে স্বাধীনতা সংগ্রামী জিত রাম বেদিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বেদিয়া সম্প্রদায়ের মানুষজন।
র্যালি শেষে অনুষ্ঠানস্থলে আদিবাসী সমাজের নিজস্ব রীতি ও প্রথা মেনে উপস্থিত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।এরপর প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা হয়। মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য অশোক কৃষ্ণ কুজুর, আদিবাসী সমাজের বিশিষ্ট সমাজসেবী তথা ট্রাইবাল ডেভেলপমেন্ট বোর্ডের সদস্য বাচ্চু রাম পাহান-সহ আরও অনেকে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বেদিয়া সম্প্রদায়ের যুবক-যুবতীদের পরিবেশিত ঐতিহ্যবাহী আদিবাসী নৃত্য। তাদের নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে ফুটে ওঠে আদিবাসী সংস্কৃতির ইতিহাস, সংগ্রাম ও গর্বের কাহিনি।আয়োজক সংস্থার পক্ষ থেকে গণেশচন্দ্র মাহাতো বলেন, “আজ আমরা বেদিয়া সামাজিক সমিতির উদ্যোগে জিত রাম বেদিয়ার জন্মদিন পালন করছি। প্রথমে র্যালির মাধ্যমে দিনের সূচনা হয়েছে, এরপর অতিথিদের বরণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়েছে। আজ সারাদিন ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের সদস্য অশোক কৃষ্ণ কুজুর বলেন, “বেদিয়া সমাজের সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের। প্রতিবছরই তাঁদের অনুষ্ঠানে উপস্থিত থাকার চেষ্টা করি। এ বছরও এখানে এসে খুব ভালো লাগছে। আদিবাসী সমাজের স্বাধীনতা সংগ্রামীদের যেভাবে স্মরণ করা হচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।”স্বাধীনতা সংগ্রামী জিত রাম বেদিয়ার স্মৃতিকে ঘিরে এই অনুষ্ঠান শুধু একটি জন্মদিন পালন নয়, বরং আদিবাসী ইতিহাস ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ বলেই মনে করছেন উপস্থিত সকলে।