ad
ad

Breaking News

Jiaganj Training

জিয়াগঞ্জে বিনামূল্যে প্যারামেডিকেল ও হোম অ্যাপ্লায়েন্স প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন

মূল লক্ষ্য—স্থানীয় যুবসমাজ ও মহিলাদের স্বনির্ভর করে তোলা এবং কর্মসংস্থানের নতুন দিশা দেখানো।

Jiaganj Training Free Paramedical and Home Appliance Courses

চিত্রঃ নিজস্ব

কল্যান বিশ্বাস, মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের জিয়াগঞ্জ-এ শুরু হল বিনামূল্যে প্যারামেডিকেল ও হোম অ্যাপ্লায়েন্সের হাতে-কলমে প্রশিক্ষণ শিবির। জিয়াগঞ্জ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি-র উদ্যোগে এবং স্বয়ম্ভর গোষ্ঠীর সহযোগিতায় ফুলতলায় সোসাইটির নিজস্ব ভবনে এই বিশেষ কর্মপোযোগী প্রশিক্ষণ কর্মসূচির শুভ সূচনা হয় বৃহস্পতিবার। তিন মাসের হোম অ্যাপ্লায়েন্স এবং ছয় মাসের প্যারামেডিকেল প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে পারবেন পৌরসভা ও পঞ্চায়েত স্তরের স্বয়ম্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত যুবক-যুবতীরা। মূল লক্ষ্য—স্থানীয় যুবসমাজ ও মহিলাদের স্বনির্ভর করে তোলা এবং কর্মসংস্থানের নতুন দিশা দেখানো।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট DRCS মানব ব্যানার্জী, MDCCB-র সিইও সন্দীপন চক্রবর্তী, অবসরপ্রাপ্ত জয়েন্ট রেজিস্ট্রার মহম্মদ ইনাসউদ্দিন, পৌর প্রতিনিধি মলয় রায়, ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি অরুণ সাহা, সমাজসেবী দেবাশীষ সরকার, শ্রীদাম মণ্ডল, বাপ্পা ধর-সহ সোসাইটির সভাপতি আশীষ চক্রবর্তী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিদের চন্দনের ফোঁটা, ফুল ছিটিয়ে ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। সোসাইটি সূত্রে জানা গেছে, ভবিষ্যতে তাদের ভবনে একটি স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যে প্যারামেডিকেল প্রশিক্ষণপ্রাপ্ত স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্যদের মাধ্যমে স্থানীয় মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ভাবনাও রয়েছে।

উদ্যোক্তাদের মতে, এই প্রশিক্ষণ কর্মসূচি জিয়াগঞ্জ শহরের যুবক-যুবতী ও মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। শহরবাসীর কাছেও এই উদ্যোগ এক উল্লেখযোগ্য প্রাপ্তি হিসেবে ধরা দিয়েছে।