চিত্রঃ নিজস্ব
দেবব্রত বাগ, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বনপুরা গ্রামের তিন বছরের খুদে অভ্রদীপ সেন আজ রাজ্যের গর্ব। মাত্র তিন বছর পাঁচ মাস বয়সেই জায়গা করে নিয়েছে সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। বয়সে ছোট হলেও বিস্ময় বালকের মেধা তাক লাগিয়েছে সকলকে।অভ্রদীপের আত্মীয়-পরিজন, শিক্ষক, প্রতিবেশী— সকলেই বিস্মিত তার অসাধারণ জ্ঞানভাণ্ডারে। বিশ্বের বিভিন্ন দেশের নাম, রাজধানী, জাতীয় পতাকা চেনা, ভারতের ২৯টি রাজ্যের রাজধানী মুখস্থ, পাশাপাশি ১০০-রও বেশি সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর অনায়াসে দিতে পারে সে। শুধু তাই নয়, গায়ত্রী মন্ত্র থেকে শুরু করে বিভিন্ন ছড়াও রয়েছে তার ঠোঁটস্থ তালিকায়।অভ্রদীপের বাবা দেবাশীষ সেন পেশায় অধ্যাপক এবং মা নমিতা সেন গৃহবধূ। বাড়িতেই মায়ের সঙ্গে খেলতে খেলতে শেখার মধ্য দিয়েই গড়ে উঠেছে তার মেধার ভিত। মাত্র দুই-আড়াই বছর বয়সেই দেবদেবীর ছবি, বিভিন্ন দেশের পতাকা, দিন-তারিখ-মাসের নাম অনায়াসে চিনে নিতে শুরু করে সে। এরপর খুব দ্রুতই বিভিন্নদের প্রাণীদের নাম, জাতীয় প্রতীক, রাজ্য-রাজধানীসহ আরও নানা বিষয়ে সাবলীল দক্ষতা অর্জন করে (Jhargram child)।
সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ অভ্রদীপ সেনের প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার পর খুশির হাওয়া পরিবার থেকে শুরু করে গোটা গ্রামে। যে বয়সে সাধারণ শিশুরা অক্ষরজ্ঞান শেখা শুরু করে, সেই বয়সে অভ্রদীপের এমন বহুমুখী প্রতিভা স্বাভাবিকভাবেই এক বিরল বিস্ময়।পরিবারের পাশাপাশি গ্রামের মানুষেরও গর্বের নাম হয়ে উঠেছে অভ্রদীপ সেন। খেলার ছলেই গড়ে ওঠা এই মেধা ভবিষ্যতে আরও বড় মঞ্চে উজ্জ্বল হবে— এমনই প্রত্যাশা সকলের (Jhargram child)।